সিটবেল্ট বাঁধা নিশ্চিত করতে আজ থেকে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) চলা অবস্থায় যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মোবাইল ফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলের চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে আজ সোমবার থেকে অভিযান শুরু করবে ট্রাফিক পুলিশ। এ ছাড়া জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হলে পথচারীর বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ব্যবস্থা।গাড়িচালক-যাত্রী, মোটরসাইকেল চালক-আরোহী এবং পথচারীদের এসব নিয়ম মানাতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর। এসব অমান্যকারীদের বিরুদ্ধে মোটরযান আইনে ব্যবস্থা নেওয়া হবে। মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, ২১ সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ বাহিনীকে চারটি কাজের দায়িত্ব দেওয়া হয়। এগুলো হলো: সড়ক পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করা, গাড়ি চলা অবস্থায় যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মোবাইল ফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা।ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এসব ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের বলা হয়েছে। যত্রতত্র রাস্তা পারাপার হওয়া ব্যক্তিদের আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’