সিটি-আনন্দ সাহিত্য পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই স্টুডিওতে আজ বৃহস্পতিবার কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক আর বিশিষ্টজনের এক মিলনমেলা বসেছিল। উপলক্ষ ছিল সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২। এ নিয়ে পঞ্চমবারের মতো সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হলো। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ। এবার উপন্যাসে প্রথমা থেকে প্রকাশিত ‘রামগোলাম’ গ্রন্থের জন্য হরিশঙ্কর জলদাস, কবিতায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘কবিতাপুর’ গ্রন্থের জন্য শাহাবুদ্দীন নাগরী, শিশুসাহিত্যে (যৌথভাবে) অনন্যা থেকে প্রকাশিত ‘ইতিহাস স্যার’ উপন্যাসগ্রন্থের জন্য লুত্ফর রহমান রিটন ও ‘মানিকের লাল কাঁকড়া’ উপন্যাসগ্রন্থের জন্য আনজীর লিটন, প্রবন্ধ শাখায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত ‘জারি গানের আসরে বিষাদ-সিন্ধু’ গ্রন্থের জন্য যৌথভাবে সাইমন জাকারিয়া ও নাজমীন মর্তুজা এবং প্রচ্ছদ শাখায় শ্রেষ্ঠ প্রচ্ছদের জন্য আফজাল হোসেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২-তে পুরস্কার পেয়েছেন। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘খ’ শাখায় ‘সোনেলা রোদের সাঁকো’ কবিতাগ্রন্থের জন্য মাজহার সরকার সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন।উল্লেখ্য, সিটি ব্যাংক এনএর সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ২৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে সরাসরি দেখানো হয়।