সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি ভবনের অনুমোদন দিতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অধিভুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ (ইউপি) কোনো ভবনের নকশা অনুমোদন করতে পারবে না। অর্থাৎ রাজউকসহ চারটি উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় শুধু এই সংস্থাগুলোই ভবনের নকশা অনুমোদন দেবে।যেখানে এ ধরনের কর্তৃপক্ষ নেই, সেখানে নকশা অনুমোদনের দায়িত্ব দেওয়া হবে একটি সুনির্দিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে। এ ক্ষেত্রে জেলা পরিষদকে বিবেচনার প্রস্তাব দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে তার আগে জেলা পরিষদকে শক্তিশালী ও কার্যক্ষম করার কথা বলা হয়েছে।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা নীতিগতভাবে অনুমোদিত হয়।বর্তমানে পৌরসভা এলাকায় ইমারতের নকশা অনুমোদনের ক্ষমতা স্থানীয় সরকার বিভাগের (পৌরসভা) রয়েছে। কোথাও কোথাও ইউনিয়ন পরিষদও (ইউপি) এ ধরনের অনুমোদন দিচ্ছে।মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ইমারতের নকশা অনুমোদন-সংক্রান্ত অবস্থানপত্র তুলে ধরেন। এতে বলা হয়, ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় প্রচলিত বিধিমালা অনুযায়ী ভবন অনুমোদনের বিধানের সঙ্গে ২০০৯ সালের স্থানীয় সরকার বিভাগ (পৌরসভা) আইন ক্ষেত্রবিশেষে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক পরিস্থিতির অবসান এবং অধিকতর যুগোপযোগী করার জন্য এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।তবে বৈঠকের কার্যসূচিতে এই প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল না। মন্ত্রিসভার বৈঠকের পর নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নীতিগত অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানাননি।এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ইমারতের নকশা অনুমোদনের ক্ষেত্রে যেন ন্যূনতম মান বজায় খাকে, ন্যূনতম কাঠামোগত স্থাপত্য মানের ভিত্তিতে যেন ইমারত নির্মাণ করা হয়—এসব বিবেচনায় অনেক দিন ধরেই এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা মন্ত্রণালয় করছিল। এরই মধ্যে সাভারের দুর্ঘটনার পর বিষয়টি সামনে চলে আসে। শিগগিরই পূর্ণাঙ্গ একটি প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানান তিনি।জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আওতাধীন এলাকায় ওই এলাকার জন্য প্রণীত বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদনের কার্যক্রম গ্রহণ করা হয়। এসব কর্তৃপক্ষের আওতাধীন এলাকার আশপাশে ইমারত নির্মাণের জন্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ অনুমোদন দিয়ে থাকে। প্রস্তাবটি গৃহীত হলে এই সংস্থাগুলো আর এ ধরনের অনুমোদন দিতে পারবে না।সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার অনুমোদন দিয়েছিল পৌরসভা। এ ছাড়া গত বছরের নভেম্বরে সাভারের তাজরীন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিক মারা যান, সেই ভবনটি নির্মাণের অনুমোদন দিয়েছিলেন সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ভবন ধসে পড়ার সঙ্গে অনুমোদন প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। রাজউকের অনুমোদন দেওয়া অনেক ভবনও ধসে পড়েছে। তাই পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অনুমোদন দেওয়ার বিষয়টি এখানে মুখ্য নয়। তিনি বলেন, ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা করানো এবং কাঠামোগত নকশা অনুযায়ী নির্মাণকাজ বাস্তবায়ন করার বিষয়টি নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ। এ ছাড়া যে প্রকৌশলী ভবন নির্মাণের দায়িত্বে থাকবেন, তাঁর যোগ্যতাও একটি বড় বিষয়। এসব মানা না হওয়ায় এ ধরনের ঘটনা বেশি ঘটে। তাঁর মতে, এ ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলা আনতে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন দরকার। বর্তমানে ইমারত বিধিমালা রয়েছে, কিন্তু কোনো আইন নেই।কমিটি গঠনের প্রস্তাব: দেশের পোশাকশিল্প রক্ষায় একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই কমিটি দেশের সব পোশাকশিল্প কারখানা সরেজমিন পরিদর্শন ও সমস্যাগুলো চিহ্নিত করে করণীয়সহ মন্ত্রিসভার কাছে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। তাদের সুপারিশ অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।