রাজধানীর কারওয়ানবাজারে সিটি করপোরেশনের কারপার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সঙ্গে ওই এলাকায় যানজট দূর করার লক্ষ্যে পার্কিংয়ের স্থানে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে, তা ভেঙে ফেলার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সিটি করপোরেশনের সচিব, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ডিসিসির কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে মঞ্জিল মোরশেদ আর সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন মামলাটি পরিচালনা করেন।