সিটি করপোরেশনে ঢুকছে ১৯টি ইউনিয়ন পরিষদ
১৯টি ইউনিয়ন পরিষদ সরাসরি সিটি করপোরেশনের আওতাভুক্ত হচ্ছে। এর মধ্যে ১০টি ইউপি ঢাকা ও নয়টি ইউপি রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে পৌরসভার সুযোগ পাওয়ার আগেই এসব ইউনিয়নের মানুষ সিটি করপোরেশনের বাসিন্দা হবে। এ জন্য নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগের পরামর্শে ওই এলাকাগুলোর নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। এর আগে একই কারণে ড্যাপ এলাকাভুক্ত চারটিসহ সাতটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।ঢাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হতে যাওয়া ১০টি ইউনিয়ন পড়েছে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এলাকায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারেই ড্যাপের আওতাভুক্ত এলাকাকে সিটি করপোরেশনের মধ্যে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ড্যাপের আওতাধীন পুরো এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকাই সিটি করপোরেশনের আওতায় আনা হবে। জাহাঙ্গীর কবির জানান, নতুন যেসব এলাকা সিটি করপোরেশনে ঢুকছে, কাজের সুবিধার্থে সেখানকার নির্বাচন স্থগিত করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার কারণে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হবে বলে মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভার জন্য তফসিল ঘোষিত হলেও এখন আর সেখানে নির্বাচন হবে না। পৌরসভাগুলো হচ্ছে— গাজীপুর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কাঞ্চন। এ ছাড়া আগামী বছরের শুরুতে টঙ্গী পৌরসভার মেয়াদ শেষ হলেও সেখানেও নির্বাচন হবে না। এর বাইরে রংপুর ও কুমিল্লাকেও সিটি করপোরেশন করা হচ্ছে।সূত্রমতে, ঢাকা সিটি করপোরেশনের বর্তমানের ৯০টি ওয়ার্ডকে উত্তর ও দক্ষিণ—এ দুই ভাগে বিভক্ত করা হতে পারে। মেয়র থাকবেন দুজন। আবার ভাগ চারটিও হতে পারে। গাজীপুর সিটি করপোরেশনের আওতায় গাজীপুর ও টঙ্গী পৌরসভা ছাড়াও কয়েকটি ইউনিয়ন পরিষদ রাখার পরিকল্পনা করা হয়েছে। আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে থাকবে নারায়ণগঞ্জ, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদ। সিটি করপোরেশন গঠনে বিধিমালা: স্থানীয় সরকার মন্ত্রণালয় গত মাসে নতুন সিটি করপোরেশন গঠনসংক্রান্ত একটি বিধিমালা প্রণয়ন করেছে। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১১’ নামের এই বিধিমালায় নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, এলাকার আয়তন কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার, জনসংখ্যা ন্যূনতম চার লাখ, স্থানীয় আয়ের উৎস বাৎসরিক ন্যূনতম পাঁচ কোটি টাকা হওয়া, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান থাকা ও স্থানীয় জনমত অনুকূলে থাকার মতো শর্ত। প্রস্তাব মন্ত্রণালয়ে: নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা ইতিমধ্যে প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসক সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হতে যাওয়া এলাকার অবস্থান উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। নিয়ম অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার যেকোনো অধিবাসী এর পক্ষে-বিপক্ষে তাঁর মতামত দিতে পারবেন।