সিটি করপোরেশনের গাড়ি দুদকের তদন্ত দলের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি মাইক্রোবাস (৫১-৪৩৩৩) প্রায় আড়াই বছর ধরে ব্যবহার করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশিদ ও তাঁর দল। অথচ এই দুদক কর্মকর্তার নেতৃত্বেই সিটি করপোরেশনের পরিবহন পুলসহ বিভিন্ন বিভাগের অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।পরিবহন পুলের আরেকটি পিকআপ গাড়ি (১৪-১৪২০) বরাদ্দ আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আনোয়ার হোসেনের পদের বিপরীতে। তিনি করপোরেশনের বিষয় দেখাশোনা করেন। মন্ত্রণালয় থেকে তাঁর জন্য আলাদা গাড়ি বরাদ্দ থাকলেও তিনি সিটি করপোরেশনের গাড়িও ব্যবহার করছেন। সরকারি যানবাহন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশনের গাড়ি মন্ত্রণালয় বা দুদকের কোনো কর্মকর্তার ব্যবহারের সুযোগ নেই।দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি-কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির কাছে সরবরাহ করা নথি থেকে এসব তথ্য পাওয়া যায়। গত ৩১ ডিসেম্বর সিটি করপোরেশনের যানবাহন বরাদ্দ, প্রাধিকার ও ব্যবহূত-সম্পর্কিত সভার সিদ্ধান্তের পর এ তদন্ত কমিটি করা হয়। ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুর রহমানের নেতৃত্বে কমিটি গত সপ্তাহে প্রশাসক নজরুল ইসলামের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন।যোগাযোগ করা হলে দুদকের উপপরিচালক হারুনুর রশিদ বলেন, তাঁকে এবং তাঁর দলের তিন কর্মকর্তাকে আনা-নেওয়ার জন্য সিটি করপোরেশনের একটি মাইক্রোবাস ব্যবহার করতে দেওয়া হয়।যাঁদের অনিয়মের অভিযোগ তদন্ত করছেন, তাঁদেরই কাছ থেকে সুবিধা নেওয়াটা কি আরেকটি অনিয়ম নয়? এতে কি তদন্তকাজ প্রভাবিত হবে না? এমন প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, দুদকের পর্যাপ্ত গাড়ি নেই বলেই সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। প্রায় আড়াই বছর ধরে তাঁরা গাড়িটি ব্যবহার করছেন বলে জানান তিনি।তবে তদন্ত কমিটির প্রধান আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্র পরীক্ষা করে দেখেছি। সিটি করপোরেশনের গাড়ি বাইরের কেউ ব্যবহার করতে পারেন না।’ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম বলেন, দুদকের কর্মকর্তাদের বড়জোর ‘লিফট’ (আনা-নেওয়া) দেওয়া যায়। অন্যভাবে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে বা হচ্ছে কি না, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গাড়ি ব্যবহার সম্পর্কে তিনি বলেন, যেহেতু মন্ত্রণালয় সরকারেরই অংশ, তাই কোনো কর্মকর্তা গাড়ি চাইলে করপোরেশন না করতে পারে না।গত বৃহস্পতিবার এ বিষয়ে ডিএসসিসির পরিবহন পুলে খোঁজ নিয়ে জানা যায়, হারুনুর রশিদের জন্য যে মাইক্রোবাসটি বরাদ্দ, তা গোলাপবাগ ওয়ার্কশপে আছে। সামান্য মেরামতের জন্য বাসাবোর সৃজন মোটরসে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ওই গাড়ি হারুনুর রশিদ ও তাঁর দল প্রায় সার্বক্ষণিকই ব্যবহার করতেন। গাড়িটি ওয়ার্কশপে থাকায় তাঁদের অন্য একটি মাইক্রোবাসে (৫১-৭০১১) আনা নেওয়া করা হয়। এই গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচও দিয়ে আসছে সিটি করপোরেশন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেনকে গত বুধবার রাতে ফোন করলে তিনি প্রথমে ফোন ধরেন। মন্ত্রণালয়ের গাড়ি থাকার পরও তিনি সিটি করপোরেশনের গাড়ি কেন ব্যবহার করছেন এবং এতে জ্বালানি খরচও হচ্ছে—এমন প্রশ্ন করা হলে তিনি ফোন রেখে দেন। পরে বারবার ফোন করলেও তিনি ধরেননি।গত বছরের ৫ আগস্ট ‘সিটি করপোরেশনের কর্মকর্তাদের গাড়িবিলাস’ শিরোনামে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক জিল্লার রহমান এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর প্রায় চার মাস তিনি প্রশাসক ছিলেন, কিন্তু ব্যবস্থা নেননি।তদন্ত প্রতিবেদন: ডিএসসিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়, গাড়ি বরাদ্দের ক্ষেত্রে নীতিমালার চরম লঙ্ঘন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ডিএসসিসির গাড়ির সংখ্যা হওয়ার কথা ৩৯টি। কিন্তু ব্যবহূত হচ্ছে ৬৫টি। বাড়তি ২৬টি গাড়ির অপব্যবহার চলছে। কিছু কর্মকর্তার গাড়ি ব্যবহারের পূর্ণ অধিকার থাকলেও তাঁদের না দিয়ে একই ব্যক্তিকে একাধিক গাড়ি দেওয়া হয়েছে।মোটরগাড়ি (কার) ব্যবহার করার কথা ১৩টি, ব্যবহূত হচ্ছে ১২টি। জিপ থাকার কথা ১৮টি, চলছে ২৭টি। একটি গাড়ির তুলনায় জিপের দাম তিন গুণ বেশি। এর সঙ্গে যোগ হয় বাড়তি জ্বালানি ও পরিচালনা খরচ। অনিয়ম করে গাড়ির বদলে জিপ কেনা হয়েছে।কর্মচারীদের আনা-নেওয়ার জন্য তিনটি মাইক্রোবাস থাকার কথা। ব্যবহূত হচ্ছে নয়টি। কিন্তু যাঁদের যাতায়াতের কথা, তাঁরা সেবা পান না। আলাদাভাবে স্টাফ বাস থাকার কথা দুটি। কিন্তু রয়েছে একটি। অ্যাম্বুলেন্স বরাদ্দ নেই অথচ চারটি ব্যবহূত হচ্ছে। তবে সেগুলো অসুস্থ ব্যক্তি বা রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহূত হচ্ছে না। ১২টি পিকআপ ব্যবহার করা হচ্ছে। থাকার কথা তিনটি।এত গাড়ি থাকার পরও দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান-উল-ইসলামের জন্য ৮০ লাখ টাকায় একটি পাজেরো স্পোর্ট জিপ (১৪-১৮১৬) কেনা হয়েছিল। এটি ছাড়াও তিনি আরও দুটি গাড়ি ব্যবহার করতেন। কিছুদিন আগে সুলতান-উল-ইসলামকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলির পর ডিএসসিসিতে এ পদে আসেন আনসার আলী খান। তিনি একটি জিপ ও একটি মোটরগাড়ি ব্যবহার করছেন।ডিএসসিসির অতিরিক্ত ২৬টি গাড়ির মধ্যে একটি নিশান জিপ ব্যবহার করছেন পরিবহন পুলের মহাব্যবস্থাপক ইমদাদুদ দস্তগীর (১১-৪৭২১), ব্যবস্থাপক মিল্লাতুল ইসলাম ব্যবহার করছেন জিপ টয়োটা ক্রুজার। অতিরিক্ত বর্জ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মইনুদ্দিনের কাছে আছে নিশান জিপ (১১-৪৭২২), প্রধান হিসাব কর্মকর্তা ওমর ফারুকও ব্যবহার করছেন নিশান জিপ (১১-৫৪২৫)। প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার আবু নাসের ভূঁইয়া ব্যবহার করছেন একটি পাজেরো জিপ (১১-৪৬১১)। এভাবে পরিবহন পুলের আরও ১০টি গাড়ির যথেচ্ছ ব্যবহার হচ্ছে।সুপারিশ: তদন্ত প্রতিবেদনে আটটি সুপারিশ করা হয়। এগুলো হচ্ছে, বরাদ্দ নীতিমালা অনুসরণ করে প্রাধিকারযোগ্য কর্মকর্তাদের উপযুক্ত গাড়ি দেওয়া; জ্যেষ্ঠতা এবং পদমর্যাদার ভিত্তিতে জিপ ও কার বরাদ্দ; প্রাধিকারের বাইরের কর্মকর্তাদের অফিসভিত্তিক কাজ ও আনা-নেওয়ার জন্য নয়টি মাইক্রোবাস বরাদ্দ; সুনির্দিষ্ট দাপ্তরিক কাজে ১২টি পিকআপ ও চারটি অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করা; গণ-অর্থ সাশ্রয়ে ভবিষ্যতে গাড়ি কেনার বিষয়ে সতর্ক থাকা ইত্যাদি।