দোকানের ভাড়া আদায় করে তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট শাখার তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার তাঁদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্মীরা হলেন সহকারী এস্টেট অফিসার এখলাস উদ্দিন, এস্টেট শাখার কর্মচারী মোহাম্মদ মোহাদ্দেস ও দোকানের ভাড়া আদায়কারী প্রদীপ বড়ুয়া।সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আজ প্রথম আলোতে ‘১১৩৫ দোকানের ভাড়া জমা হয় না ৩ বছর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মেয়র মোহাম্মদ মনজুর আলম বিষয়টি তাত্ক্ষণিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেন।এ সম্পর্কে সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, প্রথম আলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি খতিয়ে দেখেন। তাঁরা প্রাথমিকভাবে দোকানের ভাড়া আদায়ে অনিয়ম খুঁজে পান। বিষয়টি তাঁরা মেয়রকে জানানোর পর ভাড়া আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।