সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন, গাজীপুরে আনন্দ মিছিল
গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাস করে গাজীপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করবে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে দেশের একাদশতম এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়েছে। গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণা করায় টঙ্গী ও গাজীপুরে আনন্দ মিছিল ও মাইকিং করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এলাকাবাসী মিছিল শেষে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে। গাজীপুর পরিবেশ আন্দোলন কমিটিসহ বিভিন্ন সংগঠন জেলা শহরে পৃথক পৃথক আনন্দ মিছিল করে। সূত্রমতে, গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে বলা হয়েছে, উত্তরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও দামসোনা ইউনিয়ন নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হবে। গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশন হিসেবে অনুমোদিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মাইকিং শুরু করে। গাজীপুর সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাজীপুরের লাখ লাখ মানুষের দাবির কারণেই গাজীপুরকে সিটি ঘোষণার জন্য আমরা আন্দোলন করেছি। এর সুফল আজ পেয়েছি। এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।’ এদিকে, গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণা করায় টঙ্গীতে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। সন্ধ্যায় টঙ্গীতে সাধারণ মানুষ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। মিছিলে স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল ও টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ অংশ নেন। মিছিলটি স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে। এলাকাবাসী মিছিল শেষে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে।