সিটি নির্বাচনে নির্বাচিতদের সম্পদ বেড়েছে: সুজন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পৌনে পাঁচ বছরে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের মহাজোট-সমর্থিত বিদায়ী চার মেয়র ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের গড় আয় বেড়েছে ৬ হাজার ৭৪৭ দশমিক ১৮ শতাংশ। ২০০৮ সালে তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী অনির্বাচিত চার প্রার্থী ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের গড় আয় কমেছে ২২ দশমিক ৭৮ শতাংশ।আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তুলনামূলক এই তথ্য-উপাত্ত প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ২০০৮ অনুষ্ঠিত নির্বাচন ও ২০১৩ সালের অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র শওকত হোসেন ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের আয় তিন কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৭৮০, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের পাঁচ কোটি ২৯ লাখ চার হাজার ৯৭৭, সিলেটের বদরউদ্দিন আহমদ কামরানের ১৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ ও সিলেটের এ এইচ এম খায়রুজ্জামানের আয় ৫৬ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা বেড়েছে।একইভাবে বরিশালের মেয়র শওকত হোসেনের সম্পদ বেড়েছে ১০ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৮২৪ টাকা। খুলনার তালুকদার আবদুল খালেকের আট কোটি ২২ লাখ ৪৩ হাজার ৭৪৩, সিলেটের বদরউদ্দিন আহমদ কামরানের দুই কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৩৩৪ ও রাজশাহীর খায়রুজ্জামানের সম্পদ বেড়েছে ৯৭ লাখ ৭২ হাজার ১৯৮ টাকা।গত নির্বাচনে অনির্বাচিত প্রার্থীদের মধ্যে গত পৌনে পাঁচ বছরে বরিশালের আহসান হাবিব কামালের আয় বেড়েছে দুই লাখ ২২ হাজার টাকা। রাজশাহীর মোসাদ্দেক হোসেনের আয় বেড়েছে ২৪ হাজার টাকা। তবে খুলনার মনিরুজ্জামানের আয় কমেছে ছয় লাখ ৩৬ হাজার টাকা।এর মধ্যে মনিরুজ্জামানের সম্পদ ১৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকা বেড়েছে। একইভাবে রাজশাহীর মোসাদ্দেক হোসেনের সম্পদ ১০ লাখ ৪০ হাজার ১৫৫ টাকা বেড়েছে। তবে বরিশালের আহসান হাবিব কামালের সম্পদ ৭৬ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা কমেছে।সুজনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচিত মেয়রদের আয় ও সম্পদ হু হু করে যেভাবে বাড়ছে, তা দেশের রাজনীতির জন্য একটি অশনিসংকেত। নির্বাচিতদের তুলনায় অনির্বাচিতদের আয় ও সম্পদ সেভাবে না বাড়া ও ক্ষেত্রবিশেষে কমে যাওয়া মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করছে।সংবাদ সম্মেলনে এসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেন সুজনের সাধারণ সম্পদাক বদিউল আলম মজুমদার। এ সময় সুজনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ খান, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।সুজনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে আমরা যে তথ্য তুলে ধরেছি, তা নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে পাওয়া। এ তথ্যগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ভোটারদের বলব, তাঁরা যেন তথ্যগুলো জেনে নির্বাচনে ভোট দেন।’সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় নির্বাচনের ছয় মাস আগে অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জাতীয় নির্বাচনের চরিত্র ফুটে উঠছে। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ বেড়ে যাওয়া একটি পরিহাস।বদিউল আলম মজুমদার বলেন, মেয়রদের আয় ও সম্পদ বেড়ে যাওয়া দেখে মনে হয় তাঁরা ক্ষমতার জাদুকাঠি পেয়ে গেছেন। তিনি আরও বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়ে গেছে, তবে নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।