সিটি নির্বাচনে পরাজয় ‘অশনিসংকেত’: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য-অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয়কে ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট-উত্তর আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে তাত্ক্ষণিকভাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আসলে অশনিসংকেত। বাংলাদেশে পরিবর্তনের ট্র্যাডিশন, আগামীতেও তা থাকবে কি থাকবে না, এই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’ নির্বাচনের ফলাফল শুধু পরিসংখ্যান ও উন্নয়নের ওপরই নির্ভর করে না বলে মনে করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম এবার ওঠানামা হবে। অর্থাত্ আগের নির্বাচনে চারটিই আমরা পেয়েছিলাম, এবার তারাও কিছু পাবে।’ তবে আওয়ামী লীগের প্রার্থীরা হারলেও ভালো ব্যবধানে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে মনে করেন মুহিত। বর্তমান সরকারের আমলে অনেক কাজ হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘আশা ছিল কাজ অনুযায়ী ফল পাব। কিন্তু পাইনি।’ আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘আগামীতে যাঁরা নির্বাচন করতে চান এ বিষয়ে তাঁদের সজাগ থাকতে হবে।’ভোট দিতে যাওয়ার কথা জানিয়ে মুহিত আরও বলেন, ‘আমি সিলেট গিয়েছিলাম। ২০ ঘণ্টা ছিলাম সেখানে। সবার মধ্যেই “জিতব” এমন একটা ভাব দেখেছি। কিন্তু নির্বাচন অত সহজ-সরল বিষয় নয়। এখানে অন্য অনেক বিষয় জড়িত থাকে। সেটাও বোঝা উচিত।’