সিটি ব্যাংকের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘মুনাফার লোভে নিয়ম ভেঙে আট ব্যাংক শেয়ারবাজারে’ শীর্ষক প্রতিবেদনের কিছু তথ্য সম্পর্কে দি সিটি ব্যাংক প্রতিবাদ জানিয়েছে। সিটি ব্যাংক বলেছে, প্রতিবেদনে সিটি ব্যাংকের বিনিয়োগের যে তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে, তার সঙ্গে মুনাফার লোভে নিয়ম ভেঙে আট ব্যাংক শেয়ারবাজারে শিরোনামের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। ফলে প্রতিবেদনে সিটি ব্যাংকের নাম উল্লেখ করায় স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তারা বলেছে, সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সব নিয়মকানুন মেনেই শেয়ারবাজারে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার ওপর বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার আপত্তি বা অভিযোগ করেনি। কোনো ব্যাখ্যাও তলব করেনি।ব্যাংকটি বলেছে, তাদের নিজস্ব ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ রয়েছে এবং এই বিভাগ ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে। ব্যাংক কোম্পানি আইন মেনেই ব্যাংক শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করছে। একই সঙ্গে সব নিয়মনীতি অনুযায়ী শেয়ার ক্রয়ে গ্রাহকদের ঋণ দিয়ে আসছে। ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে থাকে। সিটি ব্যাংক নিয়মনীতি মেনেই শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করে থাকে বলে প্রকাশিত প্রতিবেদন থেকে তাদের নাম প্রত্যাহারের অনুরোধ করেছে। প্রতিবেদকের বক্তব্য: শেয়ারবাজারে বেশি সংশ্লিষ্টতা রয়েছে এমন ১৪টি ব্যাংকের একটি তালিকা ও বিনিয়োগের তথ্যসংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে। এর মধ্যে ৩১ ডিসেম্বর ’০৯ পর্যন্ত ব্যাংকের মূলধনের ১০ শতাংশের বেশি বিনিয়োগ রয়েছে—এমন আট ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি প্রথমবারের মতো ব্যাংকগুলোর সংকটকালীন সহন-ক্ষমতা পরীক্ষা বা স্ট্রেস টেস্টিং সম্পন্ন করেছে। এতে শেয়ারের ৫০ ভাগ দরপতন হলে সাত ব্যাংকের ঝুঁকিনির্ভর সম্পদের ভিত্তিতে সংরক্ষিত মূলধন ১০ শতাংশের নিচে নেমে আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংকও আছে। বাংলাদেশ ব্যাংকের এসব তথ্য প্রতিবেদকের কাছেই রয়েছে।