সিটিতে হারের প্রভাব জাতীয় নির্বাচনে কিছুটা পড়বে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন পছন্দ করে বলেই সিটি নির্বাচনগুলোতে সরকারদলীয় প্রার্থী পরাজিত হয়েছে। মানুষ যত সুখ পায়, তত বেশি চায়।’ আজ বিকেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সিলেটের পশ্চিমগ্রামের দরিদ্র ও অতিদরিদ্রদের মধ্যে স্বাবলম্বী ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনে হারের প্রভাব জাতীয় নির্বাচনে কিছুটা পড়বে। এজন্য সরকারের যেসব জায়গায় অসুবিধাজনক অবস্থা আছে, সেগুলোকে ভালো করতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও এসডিএফের পরিচালক এ জেড এম শাখাওয়াত হোসেন।আরিফুলকে মিষ্টিমুখ করালেন অর্থমন্ত্রীসিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিটি নির্বাচনের পর আজ অর্থমন্ত্রী প্রথম সিলেট এলে রাতে মেয়র আরিফুল হক অর্থমন্ত্রীর বাসায় যান। এ সময় অর্থমন্ত্রী তাঁকে মিষ্টিমুখ করান। মেয়র তখন সিলেট নগরের উন্নয়নে ১০টি প্রস্তাব লিখিত আকারে অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।গত ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই মেয়াদের মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ওই দিনই সাবেক মেয়র কামরান আরিফুল হককে অভিনন্দন জানান। পরদিন আরিফুল নগরের ছড়ারপার এলাকার বাসায় গেলে কামরান তাঁকে মিষ্টিমুখ করান।নগরের ধোপাদীঘিরপার এলাকায় অর্থমন্ত্রীর বাসায় যান আরিফুল হক। তিনি দায়িত্ব পালনকালে অর্থমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। আরিফুল নগরের যানজট নিরসন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইল্যান্ড ও ডিভাইডার স্থাপন, নিজস্ব বিদ্যুেকন্দ্র স্থাপন, কারাগার স্থানান্তর করে উদ্যান নির্মাণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বৈদ্যুতিক সমস্যার সমাধান, নগর বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ছড়া-খাল উদ্ধারে সিটি করপোরেশনে একজন নিজস্ব হাকিম নিয়োগসহ ১০টি প্রস্তাব অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।সাক্ষাত্ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নবনির্বাচিত মেয়র আরিফ আমার কাছে নগর উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। উন্নয়নের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। মেয়র কোন দলের সেটা বিবেচ্য বিষয় নয়, উন্নয়নে কোনো ঘাটতি থাকবে না।’এ ব্যাপারে যোগাযোগ করলে আরিফুল হক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০টি লিখিত উন্নয়ন প্রস্তাব ছাড়াও অর্থমন্ত্রীর কাছে আমার নির্বাচনী ইশতেহারের বিষয়টি তুলে ধরেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, উন্নয়নের স্বার্থে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। রাজনৈতিক কারণে উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না।’