সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানাতে শুরু হলো ‘৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ কার্যক্রম।‘সুস্থ সংগীতের বিকাশ’ এই ভাবনায় ২০০৪ সাল থেকে সিটিসেল এবং চ্যানেল আই এই উদ্যোগ শুরু করে। গতকাল বৃহস্পতিবার এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহ্বুব চৌধুরী ও হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর তাসলিম আহমেদ। তসলিম আহমেদ অ্যাওয়ার্ডসের বিস্তারিত উপস্থাপন করেন।অনুষ্ঠানের শুরুতে ও শেষে চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ প্রজন্মের শিল্পীদের সঙ্গে শাহীন সামাদ ও সুজেয় শ্যাম একই মঞ্চে এসে সুর ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ সুধীন দাশ, সোহরাব হোসেন, সুজেয় শ্যাম, আজাদ রহমান, বশীর আহমেদ, সুবীর নন্দী, শাম্মী আখতার, ফরিদা পারভীন, খুরশীদ আলম, আকরাম হোসেন, আবিদা সুলতানা, শাহীন সামাদ, রিজিয়া পারভীন, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সাদিয়া আফরিন মল্লিক, হূদয় খান, অ্যাওয়ার্ডসের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু প্রমুখ। মোট তিনটি ধাপে প্রতিযোগিতা হবে। ধাপগুলো হলো: প্রাথমিক পর্বের বাছাই, দ্বিতীয় পর্বের বাছাই এবং চূড়ান্ত বাছাই। প্রাথমিক বাছাইয়ের জন্য শিল্পীদের কাছে ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানগুলোর কাছে ২০১১ সালে প্রকাশিত অ্যালবাম চেয়ে চিঠি পাঠানোর মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হবে।মোট ১৬টি বিভাগে প্রতিযোগিতা হবে। এ বছর প্রথমবারের মতো দেশের পাঁচটি রেডিও স্টেশন এবিসি রেডিও, রেডিও টুডে, রেডিও আমার, ঢাকা এফএম এবং পিপলস রেডিও ‘পপুলার চয়েস’ বিভাগে বিচারকার্য পরিচালনা করবে। এই পাঁচটি বিভাগে দেওয়া হবে ‘পপুলার অ্যাওয়ার্ডস’।