নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণবিষয়ক জাতিসংঘ কমিটিতে (সিডও) বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমর্থন চাইলে তিনি ইতিবাচক সাড়া দেন। থিম্পুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা সার্ক ভিলেজের ইন্ডিয়ান হাউসে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী ২৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় সিডও কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হয়েছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান।বৈঠক শেষে প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দিল্লি শীর্ষ বৈঠকে যেসব চুক্তি সই হয়েছিল, তা বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা গুরুত্ব দিয়েছেন।জানা গেছে, গত জানুয়ারিতে নয়াদিল্লিতে হাসিনা-মনমোহন বৈঠকের পর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন।শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি সে আমন্ত্রণ গ্রহণ করেছেন।বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন।