সিডন্সের দলের আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কানে ইয়ারফোন। প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে নামছেন গুনগুন করতে করতে। পরিচয় পর্বের পর প্রথম প্রশ্নটা শুনেই অবাক হয়ে গেলেন, ‘ফ্রেঞ্চ কাট! সে তো কবেই উড়িয়ে দিয়েছি, এখনো মনে আছে?’১৯৯৬ বিশ্বকাপ যারা মন দিয়ে দেখেছে, তাদের ভুলে যাওয়ার কারণই নেই। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তিন অস্ট্রেলিয়ান তরুণ ওই বিশ্বকাপে নজর কেড়েছিলেন প্রায় একই রকম ‘ফ্রেঞ্চ কাট’ দাড়িতেও। সেই তিনজনের একজন এখন অস্ট্রেলিয়ার অধিনায়ক—রিকি পন্টিং। আরেকজন ডেমিয়েন ফ্লেমিং, ইনজুরি জর্জরিত ক্যারিয়ার শেষে কিছুদিন কোচিং করিয়েছেন। এখন ধারাভাষ্য দিচ্ছেন। বাকি জনের সঙ্গেই কথা হচ্ছিল প্রেমাদাসায়—স্টুয়ার্ট ল।২০ বছরের বর্ণাঢ্য প্রথম শ্রেণীর ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ২০০৯ সালের এপ্রিলে, অক্টোবরেই তিনি শ্রীলঙ্কার সহকারী কোচ। সেই থেকে এখানেই আছেন। বিশ্বকাপের পর আর থাকছেন না দলের মূল কোচ ট্রেভর বেলিস, বাতাসে ভেসে বেড়াচ্ছে সহকারীই নাকি ‘প্রধান’ হয়ে যাচ্ছেন।তবে কোচিং দিয়ে নয়, কথা শুরু হলো ১৯৯৬ বিশ্বকাপ দিয়েই। চার দিনের ব্যবধানে এসেছিল ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয়তম আর হতাশার দুটি দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে উইকেটে গিয়েছিলেন ৮ রানে ৩ উইকেট পড়ার পর। মুহূর্তেই হয়ে গেল ৪ উইকেটে ১৫, মনে পড়ে দিনটা? ‘একদম স্পষ্ট, অ্যামব্রোস আর বিশপ সেদিন আগুন ঝরাচ্ছিল। আমি যখন উইকেটে গেলাম, তখন স্টিভ ওয়াহ ছিল। আমাকে বলল একটা জুটি গড়তে হবে। একটু পর ও-ই আউট হয়ে গেল। বেভান এল। আমরা দুজন দুজনকে খুব ভালো বুঝতাম। জানতাম, কী করতে হবে। দারুণ একটা জুটি হলো, দুই শর একটু বেশি করলাম আমরা। ওয়ার্নির আরেকটা মাস্টারক্লাস আর ফ্লেমিংয়ের পারফেক্ট শেষ ওভার আমাদের ফাইনালে তুলে দিল!’ওই ম্যাচে ৭২ করেছিলেন ল, ফাইনালে করেছিলেন ২২। তবে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ওই ফাইনাল নিয়ে অনেক গল্প চালু আছে। সবচেয়ে জনপ্রিয় হলো, রাতের লাহোরের শিশির সম্পর্কে নাকি ধারণাই ছিল না অস্ট্রেলিয়ার! ল কিন্তু হেসেই উড়িয়ে দিলেন, ‘শিশিরের কথা আমরাও জানতাম। তবে আমাদের পরিকল্পনা ছিল প্রথমে ব্যাট করে এত রান করা, যেন শিশিরের প্রভাবও খুব বেশি না হয়। কিন্তু আমরা খুব বেশি রান করতে পারিনি। আর অরবিন্দও সেদিন অসাধারণ খেলেছে!’তাঁর পুরো ক্যারিয়ারটা কিন্তু এমন আনন্দ-বেদনার পাঁচালি নয়। বরং শুধুই আক্ষেপ আর না পাওয়ার গল্প। শেফিল্ড শিল্ড, কাউন্টিতে রানের বন্যা বইয়েছেন। কিন্তু প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ২৭ হাজারের বেশি রান, ৭৯ সেঞ্চুরির মালিক টেস্ট খেলেছেন কিনা মাত্র একটি! সেটাও স্টিভ ওয়াহর চোটের সুযোগে। পরের টেস্টেই ওয়াহ ফিরলেন, একমাত্র ইনিংসে অপরাজিত ৫৪ করেও বাদ ল। আর কখনো সুযোগই পেলেন না, তাঁর তাই কোনো টেস্ট গড়ই নেই! ওয়ানডে অবশ্য খেলতে পেরেছেন ৫৪টি, ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে ওপেন করে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু পজিশন নিয়ে টানাহেঁচড়ায় এখানেও জায়গা পাকা করতে পারলেন না। ১৯৯৯ বিশ্বকাপের আগে বাদ পড়লেন, এক সম্ভাব্য গ্রেটের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি সেখানেই!আক্ষেপ হয় না নিজের ক্যারিয়ার নিয়ে? ল ঠিকই নিজেকে সান্ত্বনা দেওয়ার যুক্তি বের করে ফেলেছেন, ‘সে সময় অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে জায়গা ছিল কোথায়? আমি তো তবু একটা টেস্ট খেলেছি, জেমি কক্স, তোমাদের কোচ জেমি সিডন্স তো সুযোগই পেল না! এমন আরও অনেকে ছিল। জেনে রাখো, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া হয়ে ওঠায় আমাদেরও অবদান আছে। আমরা ঘরোয়া ক্রিকেটে এমন খেলছিলাম বলেই তো পন্টিং, ওয়াহ ব্রাদার্স, মার্টিনরা নিজেদের খেলা অন্য পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। ওরা জানত, আমরা সুযোগের অপেক্ষায় আছি, কাজেই খারাপ করলেই শেষ!তার পরও ভুল সময়ে জন্মানোর আক্ষেপটা কি হয় না? এখন যেখানে মার্কাস নর্থ, স্টিভেন স্মিথরা খেলছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে, ল-সিডন্স-কক্সদের তো চোখ বুজে এই দলে ঢুকে যাওয়ার কথা। এবার কোনো যুক্তি নেই, শুধু একটু হেসে ল উঠে গেলেন টিম বাসে। যে হাসির মানে একটাই, ‘উত্তরটা তো সবারই জানা!’