সিডর ও আইলায় ২৬০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বাংলাদেশে প্রায় ২৬ হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আইলায় সাত হাজার কোটি টাকা আর সিডরে ক্ষতির পরিমাণ ১৯ হাজার কোটি টাকা। এক বছরেরও বেশি হয়ে গেলেও আন্তর্জাতিক সংস্থা ও দাতাদের কাছ থেকে আইলায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তেমন কোনো সহায়তাই পাওয়া যায়নি। নিজস্ব সম্পদ থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের খাদ্য দিয়ে সহায়তা দিচ্ছে এবং প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এ খাতে ৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলেও তিনি জানান।আজ শনিবার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি) মিলনায়তনে অনুষ্ঠিত দুর্যোগের পাঠ্যক্রমবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।বিইউপিতে সম্প্রতি চালু হওয়া দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক তিনটি কোর্সের শিক্ষক ও সমন্বয়কারীদের জন্য এ বিশেষজ্ঞ কর্মশালার আয়োজন করা হয়। এ তিনটি কোর্স হচ্ছে মাস্টার্স অব সায়েন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ব্যাচেলর অব সায়েন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অন ডিজাস্টার ম্যানেজমেন্ট।খাদ্যমন্ত্রী বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে সরকার পাঠ্যক্রমে দুর্যোগের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দুর্যোগবিষয়ক কোর্স চালু করা হচ্ছে। তিনি বলেন, সিডর ও ২০০৭ সালের বন্যায় দেশের ১৯ হাজার কোটি টাকা এবং আইলায় সাত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার ৪৭টি বাঁধের মধ্যে সরকার এখনো পাঁচটি বাঁধের মেরামত বা সংস্কার করতে পারেনি। ফলে এখনো অনেক মানুষ বাঁধের ওপর বাস করছে। আগামী নভেম্বরের মধ্যে এসব বাঁধও মেরামত করা হবে। এতে ওই সব মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া হবে।বিইউপির উপাচার্য মেজর জেনারেল শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী আবাসিক প্রতিনিধি আমিনুল ইসলাম।