সিডর-দুর্গতদের জন্য ভারতের করা ১৬০০ ঘর হস্তান্তর
বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় সিডর-দুর্গত মানুষের জন্য ভারতের নির্মিত এক হাজার ৬০০ ঘর গতকাল শনিবার হস্তান্তর করা হয়েছে।শরণখোলার রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘর হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হবে, যাতে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের কোথাও এখন মঙ্গা পরিস্থিতি নেই। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আওয়ামী লীগ কখনো চোরাগলি দিয়ে ক্ষমতায় আসেনি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তাই রাস্তায় হরতাল করে জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে এসে কথা বলুন। মন্ত্রী শরণখোলায় বেড়িবাঁধ নির্মাণের জন্য পানিসম্পদমন্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করবেন বলে আশ্বাস দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্র ও বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) সাংসদ মোজাম্মেল হোসেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন। এ প্রকল্পের মোট দুই হাজার ৮০০ ঘরের এক হাজার ২০০টি নির্মাণাধীন। নির্মাণ শেষে সেগুলো হস্তান্তর করবে স্থানীয় প্রশাসন।হাইকমিশনার রজিত মিত্র তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের সিডরবিধ্বস্ত মানুষের জন্য ভারত সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেওয়া দুই হাজার ৮০০ ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর প্যানেল সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে খুলনায় ভিসা-প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করা হয়েছে। তিনি রায়েন্দা এলাকার সিডর-দুর্গত ১২টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তরের সনদ তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, দূতাবাসের প্রথম সচিব অনীল কুমার রায়, ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক প্রমুখ।