সিডিউল জটিলতায় প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসূচির জটিলতার দরুন পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল আট জাতির ওই জোটের শীর্ষ সম্মেলন ২২ নভেম্বর অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এর আগেই ২১ নভেম্বর অনুষ্ঠেয় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দিয়ে রেখেছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী।আবুল কালাম আজাদ বলেন, ‘ডি-৮-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তিনি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দিয়ে রেখেছেন। আর ওই অনুষ্ঠানে অংশ নিয়ে ডি-৮ সম্মেলনে যোগ দিতে পরদিন সকালেই ইসলামাবাদ পৌঁছানো তাঁর পক্ষে অসম্ভব হতো।’ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ওই দিন ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। জবাবে পাকিস্তান বলেছে, তারা অতীত ভুলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে বাংলাদেশের পক্ষ থেকে ওই আহ্বান জানানো হয়।