চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় নির্মাণাধীন উড়াল সড়কের গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রকল্প পরিচালক এ এম এম হাবিবুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই ঘটনায় এর আগে আরও একটি মামলা হয়েছে।আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়। বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক যাদবচন্দ্র শীল বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এটি তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর ইউএনবির।এর আগে একই ঘটনায় গত সোমবার এ এম এম হাবিবুর রহমানসহ ২৪ কর্মকতার বিরুদ্ধে একটি মামলা করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।গত শনিবার রাতে উড়াল সড়কের তিনটি গার্ড়ার ভেঙে পড়লে ১৩ জনের মৃত্যু হয় এবং অর্ধশতাধিক লোক আহত হয়।