সিডিতে ৪০টি গান
কুমার বিশ্বজিতের ৪০টি গান রোজার ঈদের আগে মুঠোফোনে প্রকাশ করে গ্রামীণফোন। শিল্পীর সংগীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে তাঁর প্রতি এই সম্মান জানানো হয়। গ্রামীণফোনের গ্রাহকেরা তখন থেকেই গানগুলো শুনতে পাচ্ছে এই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ওয়েলকাম টিউন ও ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিসের মাধ্যমে। এবার কোরবানির ঈদের আগে এই গানগুলো অডিও সিডি আকারে প্রকাশ করা হলো। গত শনিবার বিকেলে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে অনুষ্ঠিত হয় এর প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবামের মোড়ক খোলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আল মনসুর, নকিব খান ও কুমার বিশ্বজিৎ।সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার বিশ্বজিৎ বললেন, ‘আমার সংগীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষে গ্রামীণফোন এই উদ্যোগ নিয়েছে। আমার কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া ৪০টি গান রয়েছে এখানে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় গান, পাশ্চাত্যের সুরনির্ভর গান, সেমি-ক্লাসিক্যাল গান ও লোকধাঁচের গান। চারটি অ্যালবাম। প্রতিটির আলাদা নাম—মেঘের পালকি, একটা আকাশ, স্বপ্নের আনাগোনা ও প্রেমের আভাস।’এই চারটি অ্যালবাম নিয়ে গোল্ডেন বক্স বের করেছে জি সিরিজ।কুমার বিশ্বজিৎ আরও বললেন, ‘এই ৪০টি গান বাছাই করতে গিয়ে দেখলাম, এ ধরনের আরও চারটি গোল্ডেন বক্স বের করার মতো জনপ্রিয় গান আমার আছে। আমাদের গানের একটা ঐতিহ্য রয়েছে। এর কথার কাঠামো, সুর ও সংগীত আয়োজন—সবকিছুতেই রয়েছে বৈচিত্র্য। এগুলো নতুন প্রজন্মকে জানাতে চাই।’মুঠোফোনে গান প্রকাশ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে সবাইকেই যুক্ত হতে হবে। নয়তো পিছিয়ে পড়বেন।’অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ গেয়ে শোনান বিভিন্ন সময়ে তাঁর খুব জনপ্রিয় হওয়া কিছু গান।