সিদ্ধান্ত না বদলালে আবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত হরতাল কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। সরকারের সঙ্গে আলোচনায় না বসার আগের অবস্থানে অনড় রয়েছে দলটি।বিএনপি সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে সরকার আর কোনো পদক্ষেপ নিলেই হরতাল ডাকা হবে। ভবিষ্যতে টানা ৭২ ঘণ্টা হরতাল দেওয়ার ব্যাপারেও দলের মধ্যে আলোচনা আছে। তা ছাড়া খুব শিগগির লংমার্চ, মানববন্ধন ও চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতাদের দেশব্যাপী সফর নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনে টানা ৭২ ঘণ্টা ও সাত দিনের হরতাল দেওয়া হবে। তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে বিএনপির এই আন্দোলন কর্মসূচির প্রতি সাধারণ মানুষের সমর্থন আছে। মানুষের ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়া তাঁদের দায়িত্ব।মির্জা ফখরুল বলেন, সরকারের অবস্থান দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তার আগে দলীয় চেয়ারপারসন নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, জনগণ বিএনপির অবস্থানের সঙ্গে একমত, এ ব্যাপারে সন্দেহ নেই।কয়েকজন নীতিনির্ধারক জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে বর্তমান সরকারের অবস্থান জানার পর বিএনপি এ নিয়ে স্থায়ী কমিটির একটি আনুষ্ঠানিক ও একটি অনানুষ্ঠানিক বৈঠক করেছে। ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত আদালতের রায় খুঁটিয়ে পর্যালোচনা করেছেন দলটির আইনজ্ঞরা। দেশের মানুষের মনোভাবও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে মনে করে বিএনপি।সব দিক পর্যালোচনা করে বিএনপি চারটি যুক্তি স্থির করেছে। এগুলো হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রয়োজন দেখা দেয়নি। আদালতের রায়েও এই ব্যবস্থা এখনই বাতিলের বিষয়ে নির্দেশনা নেই। আদালতের রায় মানা সংসদের জন্য বাধ্যতামূলক নয়। নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকাই সরকারের মূল উদ্দেশ্য।স্থায়ী কমিটির সদস্যদের মতে, সরকারের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএনপির সামনে রাজপথে আন্দোলন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। দলটি মনে করে, আলোচনা মানে সময়ক্ষেপণ এবং সরকারের কাজে বৈধতা দেওয়া।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, আলোচনার পথ খোলা থাকলে বিএনপি আন্দোলনে যেত না। প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প প্রস্তাব নিয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন। কিন্তু বিএনপির কোনো বিকল্প প্রস্তাব নেই। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা বলবৎ রাখতে হবে। দেশে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে এই ব্যবস্থা বাদ দিতে হবে। তিনি বলেন, বিএনপি এই ইস্যুতে আন্দোলন করে যাবে। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ভোটাধিকার রক্ষায় হরতালসহ আরও কঠোর কর্মসূচি অব্যাহত রাখবে।টানা কর্মসূচি নিয়ে প্রশ্ন: সূত্র জানায়, এখনই টানা কর্মসূচি দেওয়া নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে নেতাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। কিন্তু প্রক্রিয়া নিয়ে নানা মত রয়েছে বলে স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন।জানা গেছে, কোনো ধরনের জনমত জরিপ না করেই টানা দুই দিনের হরতাল কর্মসূচি দেওয়া ঠিক হয়নি বলে কিছু নেতা মনে করেন।দলটির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নানা ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা আছে। তত্ত্বাবধায়ক-ব্যবস্থা রক্ষার দাবিতে কঠোর অবস্থানে যাওয়া নিয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই।বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া দেশের বড় জেলাগুলো সফরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এই সফরের আগে আরও হরতাল দেওয়ার পরিকল্পনা আছে।আলোচনায় না বসার সিদ্ধান্তে অনড়: জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকেরা খালেদা জিয়াকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের পর এ নিয়ে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। সরকার এই ব্যবস্থা বাতিল করতে অনড়। বিএনপিকে আলোচনায় বসার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বিকল্প তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে। কিন্তু বিএনপির অবস্থান বর্তমান ব্যবস্থার পক্ষে। তাই দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে এখানে বিএনপির আলোচনার প্রয়োজন নেই। আলোচনা হলে সরকারের কাজকে বৈধতা দেওয়া হতে পারে।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কোনো দাবি বা প্রয়োজন দেখা দেয়নি। এই ব্যবস্থায় হওয়া নির্বাচনগুলো সব পক্ষ মেনে নিয়েছে। তিনি বলেন, সরকার যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কোনো ত্রুটি সংশোধনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানাত, তাহলে ভিন্ন অবস্থান নিত দলটি।