সিদ্ধান্ত নিতে হবে মতৈক্যের ভিত্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল জাতীয় মতৈক্যের ভিত্তিতে। এখন এটাকে যদি বাদ দিতে হয়, সেটাও মতৈক্যের ভিত্তিতে করতে হবে। এখন যে সমস্যা দাঁড়িয়েছে, তাতে দুই দলকে নিজেদের অবস্থানে অনড় থাকলে চলবে না। গঠনমূলক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে আসতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য এটা প্রয়োজন। কারণ, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দেশের জনগণ সেটা গ্রহণ করবে না।তবে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের এখনো প্রয়োজন আছে। সংবিধান সংশোধনের জন্য সরকারি দল বিরোধী দলকে কমিটিতে আহ্বান করেছে, সংসদে যোগ দিতে বলেছে। তাদের এ ভূমিকা প্রশংসনীয়। এখন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি দল সিদ্ধান্ত নিয়েছে, তারা এককভাবে তত্ত্বাবধায়ক সরকার রাখার সিদ্ধান্ত নেবে না। তত্ত্বাবধায়ক সরকার রাখতে হলে বিরোধী দলকে এসে এর পক্ষে কথা বলতে হবে। সরকারি দলের এ দাবি যৌক্তিক। কেননা সংবিধানে যে পরিবর্তনই আসুক না কেন, তা আলাপ-আলোচনার মাধ্যমেই সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।তত্ত্বাবধায়ক সরকার রাখা না-রাখার বিষয়টি আসলে দরকষাকষির জায়গা নয়। এটা জাতীয় স্বার্থের ব্যাপার। তাই সরকারের উচিত আলোচনার যৌক্তিক পরিবেশ তৈরি করা। বিরোধী দলেরও উচিত কমিটিতে অথবা সংসদে গিয়ে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরা। কারণ, সংসদ বর্জনের মাধ্যমে সাংবিধানিক সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বর্তমান প্রেক্ষাপটে সরকারি ও বিরোধী দলকে আরও দায়িত্বশীল হতে হবে। তা না হলে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে যাবে।ড. কামাল হোসেন: বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি।