সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সীমিত: বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সীমিত বলে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ‘এটি অসম্ভব নয়। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনার খুব সীমিত সুযোগ রয়েছে। অন্যান্য দেশে বাতিল করা ঋণ পুনরায় চালু করার ক্ষেত্রে বিশ্বব্যাংকের মাত্র কয়েকটি নজির রয়েছে।’ পদ্মা সেতুর বেলায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সীমিত হওয়ার কারণ সম্পর্কে বিশ্বব্যাংক বলেছে, দুর্নীতি প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রস্তাবিত চারটি পদক্ষেপের মধ্যে দুটির ব্যাপারে সরকার ইতিবাচক সাড়া দিতে পারেনি। এটি একটি দুঃখজনক ঘটনা। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। ‘পদ্মা সেতু প্রকল্প বাতিলসংক্রান্ত প্রশ্ন-উত্তর’ শিরোনামে পাঠানো বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে ১২টি উপশিরোনামে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধের পর উত্থাপিত বিভিন্ন প্রশ্নে সংস্থাটির অবস্থান সুস্পষ্ট করা হয়। এতে বিশ্বব্যাংক বলছে, নিজস্ব নীতি অনুসারে বিশ্বব্যাংক ২০১১ সালের সেপ্টেম্বর মাসে এবং ২০১২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে দুটি তদন্তের তথ্য-প্রমাণ প্রদান করেছে। একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি পূর্ণ তদন্ত করতে এবং যথাযথ বিবেচিত হলে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বব্যাংক আরও বলেছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যেসব প্রমাণ বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেসব রিপোর্ট ও চিঠিগুলো প্রকাশ করতে পারে। তবে সুপারিশমূলক রিপোর্টের গোপনীয়তা বজায় রাখার ব্যাপারে বাংলাদেশসহ প্রত্যেক সদস্য দেশের কাছে বিশ্বব্যাংকের দায়বদ্ধতা রয়েছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, ‘পদ্মা সেতুর নামে যারা চাঁদা তুলছে, তারা সবাই চাঁদাবাজ। তাদের ধরে পেটানো উচিত।’ পদ্মা সেতুর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চাঁদা তোলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী ছাত্রলীগের নাম উচ্চারণ না করে এ মন্তব্য করেন।সচিবালয়ে গতকাল ‘সামাজিক ব্যবসা ও সামাজিক বিনিয়োগ’সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর জন্য কাউকে চাঁদা তোলার দায়িত্ব দেওয়া হয়নি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণার পর জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার যে দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মানুষ টাকা দিতে পারবে।তাহলে কারা চাঁদা তুলতে পারবে আর কারা পারবে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কেউই চাঁদা তুলতে পারবে না।’বৈঠকে সামাজিক ব্যবসা ও সামাজিক বিনিয়োগ নিয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের কিছু বলেননি। তবে বৈঠকের একাধিক সূত্র জানায়, সামাজিক ব্যবসার নামে আয়কর ফাঁকি হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অতিরিক্ত বাণিজ্যসচিব এম মূর্তজা রেজা চৌধুরী, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রমুখ উপস্থিত ছিলেন।