সিদ্ধান্ত বাস্তবায়ন-প্রক্রিয়া পর্যালোচনায় দিল্লিতে কাল আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া পর্যালোচনার জন্য নয়াদিল্লিতে কাল বুধ ও আগামী বৃহস্পতিবার আলোচনায় বসছে ভারত ও বাংলাদেশ। এ আলোচনায় যোগ দিতে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার নয়াদিল্লি যাচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আলোচনায় ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা, ভারত থেকে বিদ্যুৎ আমদানি, তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে—এ বিষয়গুলো প্রাধান্য পাবে।মশিউর রহমান গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গত জানুয়ারিতে দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ইশতেহারে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে পর্যালোচনার জন্য আমরা দিল্লি যাচ্ছি। মূলত দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের কতটা অগ্রগতি হয়েছে এবং কোনো ক্ষেত্রে সমস্যা আছে কি না, তা নিয়ে আমরা কথা বলব।’ তিনি বলেন, ‘ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গে আমাদের আলোচনার কথা রয়েছে। ৫ ও ৬ মে ভারতের কয়েকজন মন্ত্রী ছাড়াও কারিগরি পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।’ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে গত ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে শেখ হাসিনার সঙ্গে মনমোহন সিং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মনমোহন জানান, দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত। তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে খসড়া দেওয়া হয়েছে, তা চূড়ান্ত করার কাজ চলছে। এ ছাড়া জানুয়ারিতে শীর্ষ বৈঠকের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কের যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন মনমোহন।উল্লেখ্য, ১১ জানুয়ারি দিল্লিতে শীর্ষ বৈঠকে সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্যবৈষম্য বিলোপ, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের নেতারা বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে দুই দেশ সন্ত্রাসবাদ দমনে তিনটি চুক্তি, বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক সই করে। এ ছাড়া বাংলাদেশের রেলব্যবস্থার সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নদী পুনঃখননের জন্য ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী।