সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বছরে দুবার, অন্ততপক্ষে একবার জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের সভা হওয়ার কথা। তবে বর্তমান সরকারের তিন বছর আট মাসের সময়কালে সভা হয়েছে মাত্র একটি। অন্যদিকে সভার সিদ্ধান্তগুলো বেশির ভাগই বাস্তবায়িত হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের একাধিক সদস্য বলেছেন, সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের মতামত জানা এবং জবাবদিহির জন্যও পরিষদ গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচিত সমস্যাগুলোর দ্রুত সমাধানেরও সুযোগ থাকে। তাই সভাটি নিয়মিত হওয়া জরুরি।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ২২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিষদের সভা হয়। সেই সভার কিছু সিদ্ধান্তের বাস্তবায়ন এখনো শেষ হয়নি। সিদ্ধান্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না করে এই সভা করে লাভ নেই।২০০৯ সালের আট ফেব্রুয়ারি বর্তমান সরকার জাতীয় মহিলা উন্নয়ন পরিষদ ও জাতীয় শিশু পরিষদকে এক করে ‘জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে। প্রধানমন্ত্রী এই পরিষদের সভাপতি, অর্থমন্ত্রী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী সহসভাপতির দায়িত্ব পালন করেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব ছাড়াও সরকার মনোনীত ছয়জন সাংসদ এবং নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি সাতজন নারী ব্যক্তিত্ব—আয়শা খানম, জিন্নাতুন্নেছা তালুকদার, ফেরদৌসী মজুমদার, মমতাজ হোসেন, বেবী মওদুদ, ফজিলাতুন্নেছা ইন্দিরা, তানিয়া বরকতসহ মোট ৫০ জন সদস্য রয়েছেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম সভায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা ও সুপারিশ দিয়েছিলেন। বিভিন্ন কার্যক্রমের মূল্যায়নের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতিসহ মন্ত্রণালয় বিভিন্ন নীতি ও আইন তৈরি করেছে, যা প্রধানমন্ত্রী অবগত আছেন। ডিসেম্বর নাগাদ পরবর্তী সভাটি অনুষ্ঠিত হতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।পরিষদের কার্যপরিধি অনুযায়ী, আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, শিশুর স্বার্থ ও অধিকার রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম-সংক্রান্ত নীতি তৈরি এবং কার্যক্রমের মধ্যে সমন্বয় করার কথা পরিষদের।এ ছাড়া নীতিনির্ধারণ, প্রয়োজনে নতুন আইন ও বিধি তৈরি এবং বিদ্যমান আইনের সময়োপযোগী সংশোধন ও পরিবর্তন করাও পরিষদের দায়িত্ব। কর্মক্ষেত্রে নারীর স্বার্থ সংরক্ষণ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া, জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ এবং শিশু অধিকার সনদ পর্যবেক্ষণ করাও এই পরিষদের দায়িত্ব।সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি নেই: ২০১০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের সভায় মোট আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন-সংক্রান্ত কার্যক্রমের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন। পরবর্তী সভায় এসব কাজের ফলাফল পর্যালোচনা করে অগ্রগতি নিরূপণ এবং উপকারভোগীরা আসলেই কতটুকু উপকৃত হচ্ছেন, তার মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।সচিব তারিক উল ইসলাম প্রথম আলোকে বলেন, দুস্থ, অসহায় নারীদের উন্নয়নে খাদ্য-সহায়তাবিষয়ক ভিজিডি কর্মসূচি, কর্মজীবী যে মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ান, তাঁদের সহায়তা তহবিল কর্মসূচিসহ কয়েকটি কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন তৈরি হয়েছে। আরও কয়েকটি প্রক্রিয়াধীন।পরিষদের সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থান-সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার বিষয়টিতেও কোনো অগ্রগতি নেই।প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী স্থান-সংকটের উদাহরণ দিয়ে প্রথম আলোকে বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ভাগাভাগি করে সভাকক্ষ ব্যবহার করতে হচ্ছে।জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম সব উপজেলায় সম্প্রসারণে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা থাকলেও তা সব উপজেলায় সম্প্রসারিত হয়নি। ৪৮২টি উপজেলার মধ্যে বর্তমানে ৫০টি উপজেলায় কাজ করছে এই সংস্থা। অন্য উপজেলাগুলোতে কাজ সম্প্রসারণের প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের অপেক্ষায় আছে।সভায় জেলা ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নারী ও শিশুবিষয়ক প্রকল্প বা কর্মসূচি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পথশিশু ও ছিন্নমূল দরিদ্র শিশুদের পুনর্বাসনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি।শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পথশিশুদের পুনর্বাসনে আন্তমন্ত্রণালয় সমন্বয় হয়েছে। মহিলা মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তবে আলাদা করে উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়নি।সারা দেশে লিল্লাহ বোর্ডিংয়ের সংখ্যা, সমস্যা, মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্তকরণের ক্ষেত্রে করণীয় নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে এবং এ ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করার কথা ছিল। তবে মূলধারার শিক্ষার সঙ্গে এখানকার শিশুদের সম্পৃক্তকরণের বিষয়টি বেশি দূর অগ্রসর হয়নি বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রকল্পের আওতায় রেডিও, টেলিভিশনে প্রচারের পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিভিন্ন তথ্য পৌঁছানো হয়েছে। তবে এসব তথ্য কেউ ব্যবহার করছে কি না, তা পর্যালোচনা করা হয়নি।নিয়মিত সভা জরুরি: যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নারী ও মানবাধিকার আন্দোলনের কর্মী সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, শুধু কাঠামো তৈরি করে রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে কোনো ফলাফল বয়ে আনবে না। পরিষদকে সচল রাখতে হবে। এ জন্য নিয়মিত সভা হওয়া জরুরি। সভার সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।