সিদ্ধান্ত ‘ভুল’ ছিল, শোকরানার মামলা পুনরুজ্জীবিত হচ্ছে
বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. শোকরানার বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত ডাল কেলেঙ্কারির মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় গত ২১ নভেম্বর মামলাটি প্রত্যাহার করা হয়।গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর মামলাটি পুনরুজ্জীবিত করে শুধু তিন আসামির নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় করা এই মামলার আসামি চারজন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলার ব্যাপারে রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটি দুটি চিঠি পাঠায় জেলা কমিটির কাছে। প্রথমটি পাঠানো হয় ২০১০ সালের ১৫ এপ্রিল। ওই চিঠিতে শোকরানা ছাড়া অন্য তিন আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়। পরে ৭ অক্টোবর আরেকটি চিঠি পাঠানো হয়। এতে শোকরানাসহ সব আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার চিঠি পাওয়ার পর বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন পুরো মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন জানান। আদালত আবেদনটি মঞ্জুর করেন।এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শোকরানার নাম প্রত্যাহারের সুপারিশের বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তা ভুল ছিল। ভুল তো হতেই পারে। তাই বলে কমিটি ভুল নিয়ে তো আর বসে থাকেনি, ভুল শোধরানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, কমিটি শোকরানার মামলা পুনরুজ্জীবিত করার জন্য আদালতের কাছে আবেদন করবে।কমিটির পক্ষ থেকে দুই ধরনের চিঠি কেন দেওয়া হলো, জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে কথা বলা যাবে না। ভুল হয়েছিল, আমরা তা শোধরানোর চেষ্টা করছি।’মামলা যে কারণে: ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি যৌথ বাহিনী শোকরানার গুদাম থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের সাড়ে ১৮ হাজার বস্তা মসুর ডাল আটক করে। তখন শোকরানা গ্রেপ্তারও হন। ডাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শোকরানা ও তাঁর সহযোগী পরিমল কুমার সিংয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গণেশ গোপাল বিশ্বাস ওই বছরের ১৫ মার্চ এই দুজনসহ সিটি ব্যাংক বগুড়া শাখার কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ ও মহিবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১৬ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার আনিছ উদ্দিন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় পরিচালনা করার অনুমতি দেন। পরে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলাটির কার্যক্রম শুরু হয়।তৃতীয় চিঠি: গতকাল মঙ্গলবার আইন শাখা থেকে পাঠানো তৃতীয় চিঠিতে বলা হয়, সরকার ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় বগুড়া জেলার বগুড়া থানার মামলা নম্বর ২৬, তারিখ ১২-০২-২০০৭, ধারা: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় উক্ত মামলা থেকে আসামি যথাক্রমে (১) কাজী কামাল উদ্দিন আহমেদ, (২) মহিবুর রহমান, (৩) পরিমল কুমার সিংয়ের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অপর আসামির (শোকরানা) বিরুদ্ধে মামলার কার্যক্রম যথানিয়মে চলবে।গতকাল যোগাযোগ করা হলে জেলা কমিটির প্রধান বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, জেলা কমিটি থেকে এই মামলার দুই আসামি কাজী কামাল উদ্দিন আহমেদ ও মহিবুর রহমানের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। জেলা কমিটির সুপারিশ ছাড়া বাকি দুই আসামির নাম প্রত্যাহার করা হয়েছে।জানা গেছে, এই মামলার পিপি আবদুল মতিন গত বছরের ২৯ সেপ্টেম্বর বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতে দুই আসামির নাম প্রত্যাহারের পরিবর্তে মামলাটিই প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক কাজী শাহীনা আবেদনটি মঞ্জুর করে গত বছরের ২১ নভেম্বর সেটি নিষ্পত্তির আদেশ দেন।জানতে চাইলে পিপি আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো মামলা প্রত্যাহারের জন্য চিঠি পাঠিয়েছে। আমি সে অনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদন করেছি। আর এখন তো আদালত পুরো মামলা প্রত্যাহার করে দিয়েছেন। সুতরাং এখন আর কারও কিছু করার নেই।’শোকরানা ১৯৭৩ সালে যুবলীগের নেতা ছিলেন। বহু খুনের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ আছে। ওই সময় অন্তত দুই ডজন খুনের মামলায় শোকরানার বিরুদ্ধে তদন্ত হয় বলে জানা গেছে। পরে তারেক রহমানের আমন্ত্রণে তিনি বিএনপিতে যোগ দেন। তখন শর্ত ছিল, সারিয়াকান্দি থেকে তাঁকে বিএনপির প্রার্থী করতে হবে। তবে ২০০৬ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে সেই আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। কিবরিয়া, মাহতাব ও আনু হত্যা মামলায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি গ্রেপ্তার হন। ১৯৮১ নালের ডিসেম্বরে বিএনপি সরকারের সাধারণ ক্ষমায় ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে মুক্তি লাভ করেন তিনি।আরও ৪৯ মামলা: গতকাল রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির ২৮তম সভায় আরও ৪৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়। বৈঠকে ৪১১টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে ২৯৫টি মামলার ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি। ৬৭টি মামলা পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।এ পর্যন্ত বৈঠকে ১০ হাজার ৫৩৬টি মামলা এসেছে। সুপারিশ করা হয়েছে সাত হাজার ৩১টি মামলা। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান]