সিদ্ধান্তটি সুশাসনের পরিপন্থী—হোসেন জিল্লুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। গতকাল শনিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে ক্ষুদ্রঋণ নিয়ে বিতর্ক আছে, থাকবে। তবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব এবং সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো-সংক্রান্ত যে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হলো, তা সুশাসনের পরিপন্থী। যাদের অক্লান্ত পরিশ্রমে এত বড় একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করত একটি স্বাধীন বোর্ড। এই বিষয়টিই ছিল এই ব্যাংকটির অন্যতম প্রধান ভিত্তি। এখন সেই বোর্ডকে ক্ষমতা থেকে বিচ্যুত করা হলো।হোসেন জিল্লুর রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের কিছু মৌলিক ক্ষেত্র থাকে। সেই ক্ষেত্রগুলো থেকে বিচ্যুত করা হলে প্রতিষ্ঠানটির নিজস্বতা বলে কিছু থাকে না। এ ক্ষেত্রে তা-ই হলো। এতে সরকারের ওপর একটি আস্থাহীনতা তৈরি হলো।অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, এত দিন ধরে সরকার বলে আসছিল গ্রামীণ ব্যাংক একটি সরকারি ব্যাংক। তাহলে তো এর বিধিবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। এই সিদ্ধান্তে সরকারের ওই কথাটি ভুল প্রমাণিত হলো। তিনি বলেন, সরকার এমন একটি সময়ে এই সিদ্ধান্ত নিল, যখন দেশের পাবলিক ব্যাংকিং সেক্টরের বেহাল অবস্থা। এতে আস্থার পরিবেশে চিড় ধরবে।