সিদ্ধান্তহীনতায় বিলম্ব, বারবার কৌশল পরিবর্তন
তুরাগে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে আন্তরিকতার কমতি ছিল না সংশ্লিষ্ট বাহিনীগুলোর। কিন্তু কর্মকর্তারা বারবার কৌশল পরিবর্তন করেন। দৃশ্যত সংশয়ে থাকা কর্মকর্তারা সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারছিলেন না। বাহিনীগুলোর মধ্যে সমন্বয়েরও অভাব ছিল।মূলত এসব কারণেই বাসের অবস্থান চিহ্নিত করা এবং পরবর্তী উদ্ধারকাজ বিলম্বিত হয়। দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর গতকাল বিকেলে বাসটি উদ্ধার করা হয়।তবে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা নদীর গভীরতা, বাসটির গর্তে পড়ে যাওয়া এবং তুরাগ নদের বিশেষ অসুবিধাজনক অবস্থানকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন।অভিযানে সরাসরি অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনী। উদ্ধার কাজে সাহায্য করছিল কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। বিভিন্ন উপকরণ সরবরাহ ও আনুষঙ্গিক বিষয় দেখছিল জেলা প্রশাসন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং লাশের প্রাথমিক সংরক্ষণের জন্য প্রস্তুত ছিল পুলিশ, র্যাব ও রেড ক্রিসেন্ট। সব মিলিয়ে তিন দিনে বিভিন্ন স্তরের এক হাজার কর্মী রোদে পুড়েছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন। কিন্তু ফল এসেছে খুবই ধীরে।খোঁজাখুঁজিতে ব্যর্থ প্রথম দিন: রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাসটি ডোবার এক ঘণ্টা পর থেকে খোঁজাখুঁজি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর দুই ঘণ্টা পর বাসের সন্ধানে যোগ দেন নৌবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের একটি দলও ঘটনাস্থলে আসে। ডুবুরিরা ব্যর্থ হওয়ার পর নদীর তলায় ফায়ার সার্ভিস সার্চ ক্যামেরা নামায়। মাঝরাতে চট্টগ্রাম থেকে আসে শব্দতরঙ্গের সাহায্যে পানির নিচে অনুসন্ধানের ‘স্যোনার’ (সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং) যন্ত্র। কিন্তু এই যন্ত্র দিয়ে নৌবাহিনীর বিশেষজ্ঞরা রাতভর চেষ্টা করেও বাসটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হন।উদ্ধারে ব্যর্থতার দ্বিতীয় দিন: এরপর সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি চান মিয়া বাসটির সন্ধান পান। ডুব দিয়ে তিনি বাসের ভেতর থেকে একটি লাশ বের করে আনেন এবং গাড়িটিতে দড়ি বেঁধে আসেন। এর পর থেকে দিনভর বাস উদ্ধারে নানা কৌশলের প্রয়োগ চলতে থাকে। সোমবার সকালে উদ্ধারকাজে অংশ নিতে আসে কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর দলও।সকালে বাসটি শনাক্তের পর বেলা পৌনে তিনটা নাগাদ বাসের চাকার সঙ্গে ধাতব দড়ি লাগাতে সক্ষম হন উদ্ধারকারীরা। তখন ফায়ার সার্ভিসের (দমকল) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, ৩০০ টন ধারণক্ষমতার একটি বালুবাহী বার্জ দিয়ে বাসটি টেনে তীরের দিকে আনার চেষ্টা চলছে। অন্য কর্মকর্তারাও এই কৌশলের কথা জানান।কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত টানাটানি করেও এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর সন্ধ্যায় দমকল বিভাগের মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারে ব্যবহূত চেইন-কপ্পা (কপিকল) পদ্ধতি প্রয়োগ করে বাসটি উদ্ধারের কথা চিন্তা করা হচ্ছে।মহাপরিচালক তখন জানান, ৪০ থেকে ৪৫ ফুট নিচে থাকা বাসটির গায়ে শিকল লাগানো খুব কঠিন হয়ে পড়েছে। কারণ সব ডুবুরি সেখানে পৌঁছাতে পারছেন না। যাঁরা পারছেন, তাঁরাও সেখানে বেশিক্ষণ টিকতে পারছেন না। ব্রিগেডিয়ার শাহিদউল্লাহ জানান, বাসটি একটি গর্তের মধ্যে আটকা পড়ে আছে। চেইন-কপ্পা দিয়ে বাসটিকে নদীগর্ভের গর্ত থেকে সমান জায়গায় ওঠানোর চেষ্টা চলছে। এরপর একে টেনে তীরের দিকে আনা হবে।এ সময়ই (সোমবার রাতে) ঢাকা জেলা প্রশাসন আবার একটি ভাসমান ক্রেন ভাড়া করে আনার উদ্যোগ নেয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বি মিয়া সাংবাদিকদের ক্রেন আনার উদ্যোগের কথা জানান। কিন্তু ওই ক্রেন শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতেই পারেনি।একই সময় নৌবাহিনীর তদারককারী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহ মো. মঈনউদ্দীন সাংবাদিকদের জানান, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের একটি বিশেষ কৌশল কাজে লাগানোর চেষ্টা চলছে। এই পদ্ধতিতে একটি জাহাজে অনেক পানি ভরে নিমজ্জিত বস্তুর সঙ্গে শক্ত করে বাঁধতে হয়। এরপর জাহাজের পানি পাম্প করে ফেলে দিলে জাহাজটি একটু উঁচু হয় এবং ডুবে যাওয়া বস্তুটি কিছুটা ওপরে উঠে আসে। এরপর আবার এক দিকে পানি ফেলে দেওয়া হয়, আরেক দিকে ডুবে যাওয়া জাহাজের সঙ্গে রশির বাঁধন শক্ত করা হয়। তবে শেষ পর্যন্ত এই কৌশল কাজে লাগানো হয়নি।রাত নয়টা নাগাদ একটি বার্জের ওপর কপিকল বসিয়ে বাসটি টানা শুরু হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর এটি গর্ত থেকে উঠে আসে। রাত তিনটার দিকে গাড়িটি ১০-১২ ফুট গভীর পানিতে উঠে আসে। তখন এর ওপর দাঁড়ানো উদ্ধারকর্মীদের কোমরপানি ছিল। তখন ৩০০ টনের দুটি বার্জ দিয়ে বাসটি টেনে তীরের দিকে নেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু বার্জ দিয়ে বাসটিকে নড়ানোই যাচ্ছিল না। বাসটিকে পানির ওপরেও আনা যাচ্ছিল না, কারণ বাসটি বার্জের ঠিক তলায় চলে যায়। এমন অবস্থা হয় যে, বার্জ না সরালে বাসটি তোলা যাচ্ছিল না। কিন্তু বাসটি বার্জের সঙ্গেই বাঁধা! আবার বাসের ভার নিয়ে নৌযানটি নড়তে পারছিল না। কর্মকর্তারা তখন একটি বিশাল আকৃতির কাপড়ের বেলুন বাসটির সঙ্গে বেঁধে দেন। এই বেলুনটি বাসটিকে ভাসিয়ে রাখতে সাহায্য করছিল।আবারও কৌশল পরিবর্তন: গতকাল মঙ্গলবার সকালে বেলুন দিয়ে বাসটিকে ভাসিয়ে রেখে বার্জের সঙ্গে এর শেকলের বাঁধন ঢিলে করে দেওয়া হয়। এভাবে বাসের ওপর থেকে বার্জটিকে সরিয়ে আনা হয়।তখন সিদ্ধান্ত হয় আগে লাশগুলো উদ্ধার করা হবে, পরে বাস তোলা হবে। সে অনুযায়ী সকাল সোয়া সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের প্রথমে নেমেই একজনের লাশ নিয়ে ওঠেন। এরপর একের পর এক ডুব দিতে থাকেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল সারা দিনে উদ্ধার করা হয় নয়জনের লাশ।সকাল সাড়ে সাতটার দিকে সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল শরীফ কায়কোবাদ সাংবাদিকদের জানান, মানবিক কারণে প্রথমে বাস থেকে লাশগুলো উদ্ধার করা হবে। তিনি বলেন, বাসটা এখন খুব বেশি পানির নিচে নেই। জেলা প্রশাসন একটা ভাসমান ক্রেন ভাড়া করেছে। সেটি দিয়ে বাসটিকে তুলে ডাঙায় নেওয়া হবে। বার্জ দিয়ে এ কাজ সম্ভব নয়।কিন্তু শেষ পর্যন্ত আগের দিনই জেলা প্রশাসনের প্রথম উল্লেখ করা ওই ভাসমান ক্রেনটি আদৌ আর ঘটনাস্থলে আসেনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটিকে দুটি বার্জ দিয়েই টেনে তীরের কাছে নেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের বড় একটি ক্রেন বাসটিকে ডাঙায় তোলে।কর্মকর্তাদের ব্যাখ্যা: ফায়ার সার্ভিসের মহাপরিচালক উদ্ধারকাজের ধীরগতি সম্পর্কে বিভিন্ন সময় সাংবাদিকদের বলেন, বাসটা সেতুর মুখে নদীগর্ভের একটা গর্তের মধ্যে পড়ে ছিল। সেখানে পানির গভীরতা ৪০ থেকে ৪৫ ফুট এবং তীব্র স্রোত ছিল। ডুবুরি দিয়ে কাজ করা ছিল খুব কঠিন। আর বাসটি নড়াতেও প্রচুর শক্তির প্রয়োজন হয়। ৩০০ টনের বার্জ দিয়েও বাসটি সহজে নড়ানো যায়নি।উদ্ধারকাজের সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল শরীফ কায়কোবাদ এ ব্যাপারে বলেন, বাসটি অনেক নিচে ছিল। সেখান থেকে টেনে তুলতে অনেক শক্তির প্রয়োজন। অবস্থানগত সমস্যার উল্লেখ করে তিনি বলেন, সরকারের শক্তিশালী দুটি উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম এই দুর্ঘটনাস্থলে আনা সম্ভব নয়। কারণ তুরাগ নদীর কোনো কোনো জায়গায় পানির গভীরতা মাত্র ছয় থেকে সাত ফুট। আবার নদীপথের অনেক জায়গায় নিচু সেতু রয়েছে। এ কারণে হাতের কাছে যা আছে, তাই দিয়ে অভিযান চালানো হচ্ছে।বাসটির অবস্থান শনাক্ত করতে স্যোনারের মতো প্রযুক্তির ব্যর্থতা সম্বন্ধে ব্রিগেডিয়ার কায়কোবাদ বলেন, যখন স্যোনার নামানো হয়েছিল, তখন নদীর কিছু জায়গায় গ্যাসপাইপ ফেটে বুদ্বুুদ তৈরি হচ্ছিল। এ কারণে স্যোনারের কাজ ব্যাহত হয়েছে। তবে সোনার ঠিকই ওই জায়গায় নদীগর্ভের অস্বাভাবিকতা শনাক্ত করেছিল।ফায়ার সার্ভিসের সাবেক কয়েকজন কর্মকর্তা জানান, পানির গভীরতা, স্রোতের গতি বা বাসের ওজন কত ছিল, সবই জানতেন উদ্ধারকারী কর্মকর্তারা। তবু তাঁরা সঠিক কৌশল নিতে ব্যর্থ হয়ে একের পর এক কৌশল পরিবর্তন করে গেছেন। কর্মকর্তাদের অনভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট কাজে বিশেষজ্ঞ লোকের অনুপস্থিতির কারণে এটা হতে পারে বলে তাঁরা মন্তব্য করেন।ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপকরণের অভাবের কথা উল্লেখ করেন।