মাধ্যমিকের ফল প্রকাশের পর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রতিবছর নীতিমালা ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতে শুরু হয় ভর্তি-কার্যক্রম। কিন্তু ভর্তির বিষয়ে নীতিমালা তৈরির আগেই কয়েকটি বেসরকারি কলেজ ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু করেছে। ওই সব প্রতিষ্ঠান আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।আজ বৃহস্পতিবার ভর্তির নীতিমালা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মো. মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হবে। নীতিমালার আগেই ভর্তি-কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, অভিযোগ এলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ পাওয়া গেছে, রাজধানীর উত্তরায় অবস্থিত ট্রাস্ট কলেজ, গ্রিনরোডের আইডিয়াল কমার্স কলেজ, পল্লবীর অস্ট্রেলেশিয়ান কলেজ, লালমাটিয়ার ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজসহ রাজধানীর কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু করেছে। এসব কলেজ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনও প্রচার করছে। কোনো কোনো কলেজ ভর্তি হলে বিভিন্ন উপহার ও ছাড় দেওয়ার ঘোষণা দিচ্ছে। বোর্ডের নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও কোনো কোনো প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনে উল্লেখ করছে। অথচ এখনো নীতিমালাই হয়নি। এসব অভিযোগের ব্যাপারে ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ফরম বিতরণের কথা বলছি। কিন্তু যেহেতু নীতিমালা হয়নি, তাই এ নিয়ে মানুষের আগ্রহ নেই বেশি। ১০-১২টি ফরমও বিক্রি হয়নি। আমরা ভর্তি করছি না। বোর্ড যেহেতু একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়নি, তাই ভর্তি করাও যাবে না।’আইডিয়াল কমার্স কলেজের বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে রেজাউল হক পরিচয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আমরা এখন শুধু ফরম বিতরণ করছি। ভর্তি করছি না। যেহেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পাওয়া যায়নি, তাই ভর্তিও সম্ভব নয়। তবে কেউ নিশ্চিত (কনফার্ম) করলে এন্ট্রি করে রাখছি।’অস্ট্রেলেশিয়ান কলেজের প্রশাসনিক প্রধান পরিচয়ে মো. ইমরান হোসেন বলেন, ‘আমরা ফরম বিতরণ করছি মাত্র। ভর্তি করা হবে নম্বরপত্র হাতে পাওয়ার পর।’এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, নীতিমালা তৈরির আগে কোনো কলেজ ভর্তি-কার্যক্রম শুরু করতে পারে না। অভিযুক্ত কলেজগুলোকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হবে।’ তিনি জানান, কলেজগুলোকে পাঠদান ও স্বীকৃতি দেওয়ার সময় বলা হয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক না চললে স্বীকৃতি বাতিল করা হবে। গতবারও কিছু কলেজ এমন কাজ করেছিল বলে তিনি উল্লেখ করেন।আসন-সংকট হবে না: শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এবারও গতবারের মতো মাধ্যমিক পরীক্ষার ফলাফলের (জিপিএ) ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই ভর্তির নীতিমালা ঠিক করা হচ্ছে। মন্ত্রণালয়ের লক্ষ্য ভর্তি-কার্যক্রম শেষ করে জুলাই মাসের প্রথম থেকেই ক্লাস শুরু করা। এবার ১০টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৭৫ হাজার ৮৮৬ জন ছাত্র। এর মধ্যে আট বোর্ডের এসএসসিতে উত্তীর্ণ হয়েছে আট লাখ ১০ হাজার ৬৬৬ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়েও লক্ষাধিক আসন বেশি আছে। তবে আসনস্বল্পতার কারণে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অনেক মেধাবী শিক্ষার্থী নামীদামি কলেজে ভর্তির সুযোগ পাবে না।