সিদ্ধিরগঞ্জের আঁটি হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দ্বীন ইসলাম ওরফে দ্বীনা ডাকাত নিহত হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে। নিহত দ্বীনার বাবা রোস্তম আলী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আবদুল কুদ্দুসের আদালতে এ মামলা করেন। শুনানি শেষে আদালত এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপারকে (সার্কেল-এ) নির্দেশ দিয়েছেন।মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন আঁটি এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী আবদুল জলিল, মিজান, আবুল হোসেন, আবু জাফর টিপু, আবদুল কাদের, আহসানউলাহ ও লুত্ফর রহমান। বাদী রোস্তম আলী অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছেন। তবে গতকাল অভিযোগের ব্যাপারে ওসি মোখলেছুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।মামলার আরজিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে ওই আসামিরা বাদীকে তাঁর বাড়ি থেকে উত্খাতের চেষ্টা চালাচ্ছিলেন। নিহত দ্বীনার প্রতিবাদ ও আইনি জটিলতার কারণে তাঁরা বাদীর বাড়ি দখলে ব্যর্থ হন। এর পর আসামিরা টাকা-ক্ষমতার জোরে দ্বীনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক সাজানো চাঁদাবাজির মামলা করেন। পরে তাঁরা সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমানের শরণাপন্ন হন। গত ১৪ মার্চ সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ আসামিরা বাসা থেকে দ্বীনাকে ধরে থানায় নিয়ে যান। থানায় দ্বীনার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়। বাদী থানায় গিয়ে দ্বীনাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ওসি জানান, দ্বীনার কাছে হার্ডওয়্যার ব্যবসায়ী আবদুল জলিলসহ বেশ কয়েকজন ২৫ লাখ টাকা পাবেন। টাকা ফেরত অথবা বসতবাড়ি লিখে দিলে দ্বীনাকে ছেড়ে দেওয়া হবে। ওসির কাছে টাকা না দেওয়ায় দ্বীনাকে ১৪ থেকে ১৫ মার্চের মধ্যে যেকোনো সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসির গোপনকক্ষে নির্যাতন করে হত্যা করা হয়। ১৫ মার্চ ভোরে লোকমুখে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে দ্বীনার লাশ শনাক্ত করেন রোস্তম আলী। গত ১৫ মার্চ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ উপজেলার আঁটি হাউজিং এলাকায় র্যাব-১১-এর আদমজী ক্যাম্পের একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দ্বীন ইসলাম ওরফে দ্বীনা ডাকাত নিহত হন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।