সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রপ্তানিমুখী পোশাক-কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন। আজ রোববার সকালে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, সকালে সদর উপজেলার গোদনাইল চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার রপ্তানিমুখী রেক ওয়ার্ক লিমিটেড নামের পোশাক-কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন, অতিরিক্ত শ্রমের পারিশ্রমিক এবং যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থার দাবিতে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুর ১১টার দিকে তাঁরা রাস্তায় নেমে আসেন। শ্রমিকেরা লাঠিসোঁটা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।শ্রমিকদের অভিযোগ, দুই মাস ধরে তাঁদের বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিচ্ছে না মালিকপক্ষ। এ ছাড়া তাঁদের যাতায়াতের জন্য পরিবহনব্যবস্থাও আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার বকেয়া বেতনের জন্য তাগাদা দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।ওসি কামরুল আলম মোল্লা জানান, বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।তবে এ ব্যাপারে চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।