সিদ্ধিরগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে এবং এক শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার শ্রমিকেরা ব্যাপক বিক্ষোভ করেছে। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি পিকআপ ভ্যান, পুলিশ বক্স ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।এ ঘটনার সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে এবং এক শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবকে কেন্দ্র করে আজ সকালে আদমজী ইপিজেডের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ইপিজেডের ভেতরে বিক্ষোভ করেন। সকাল ১০টার দিকে তাঁরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। সেখান থেকে দুপুর পৌনে ১২টায় হাজার হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে কাঁচপুরে সিনহা কারখানার শ্রমিকেরাও বের হয়ে আসেন। এতে দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ফলে দুটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান। শিমরাইল মোড়ে পুলিশ বক্স, একটি পিকআপ ভ্যান ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়। কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, গত কয়েক দিনে সিদ্ধিরগঞ্জের আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁদের সর্বস্ব কেড়ে নেয়। এ ছাড়া গতকাল একজন শ্রমিককে ছিনতাইকারীরা পিটিয়ে হত্যা করেছে বলে তাঁরা শুনেছেন। ছিনতাইয়ের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই কারখানার শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বেলা আড়াইটার দিকে ওই দুই মহাসড়কে যান চলাচল শুরু হয়।