সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গানে গানে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও’—কচি কণ্ঠের গানের সুরে সুরে মেতে উঠেছিল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার চতুর্থ দিনে গতকাল সোমবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর রিদওয়ানুল ইসলামের গাওয়া এই গান মুগ্ধ করে উপস্থিত শ্রোতাদের।সেন্ট্রাল উইমেন্স কলেজের অঞ্জলী বিশ্বাসের নজরুলসংগীত ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’ গানের সুরে বিচারকেরা মুগ্ধ। নটর ডেম কলেজের শিশির সূত্রধরের কলাবতী রাগে উচ্চাঙ্গসংগীতও ছিল অনবদ্য।সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিষয় ছিল রবীন্দ্র, নজরুল ও উচ্চাঙ্গসংগীত। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহানের উপস্থাপনায় রবীন্দ্রসংগীতে প্রায় ৬০ জন, নজরুলসংগীতে ৩৫ ও উচ্চাঙ্গসংগীতে ১০ জন শিক্ষার্থী অংশ নেয়।সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তার বলেন, শিক্ষা ও সহশিক্ষার মধ্যে সমন্বয় ঘটলেই মানবিক মূল্যবোধসম্পন্ন প্রকৃত মানুষ গড়ে তোলা সম্ভব।শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন। ২৬ জানুয়ারি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।