সিনজেনটার লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা গতকাল মঙ্গলবার কৃষিপণ্য ব্যবসার প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবি আদায়ে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। সহস্রাধিক কৃষকের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র। গোদাগাড়ী কৃষি উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মহিষালবাড়ী পশুর হাটে সমাবেশের আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক ক্ষতিগ্রস্ত টমেটোচাষি মুকলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, সিনজেনটা কোম্পানির লাইসেন্স বাতিল করতে হবে। ক্ষতিগ্রস্ত টমেটোচাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সিনজেনটা কোম্পানির কোনো লোককে গোদাগাড়ীতে ঢুকতে দেওয়া হবে না।সাংসদ ওমর ফারুক বলেন, ‘আমার কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা এর ন্যায্যবিচার চাই।’ তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির অভিযোগে সিনজেনটা কোম্পানির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় আরও একটি মামলা হওয়া উচিত। গোদাগাড়ীর ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিগুলো আগামী ৫ ডিসেম্বর জাতীয় সংসদের অধিবেশনে তুলে ধরবেন বলে আশ্বাস দেন সাংসদ ওমর ফারুক। উপজেলার সাহাব্দিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত টমেটোচাষি আশরাফুল ইসলাম বলেন, ‘অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। আর তারা আমাদের সঙ্গে যে প্রতারণা করেছে, তার উপযুক্ত বিচার করতে হবে।’ গোদাগাড়ী কৃষি উন্নয়ন ঐক্য পরিষদের আহ্বায়ক মুকলেছুর রহমান বলেন, ‘সিনজেনটা কোম্পানির কোনো লোক আমরা গোদাগাড়ীতে ঢুকতে দেব না। পরিবেশক রবিউল ইসলামের শাস্তি চাই। তিনি জেনেশুনে আমাদের প্রতারিত করেছেন।’সমাবেশে আরও বক্তব্য দেন গোদাগাড়ী পৌরসভার মেয়র আনারুল ইসলাম, উপজেলার লালবাগ গ্রামের জামাল উদ্দিন, ভাটুপাড়ার টুটুল, রেলবাজারের সইবুর রহমান, রাজাবাড়িহাটের জহুরুল ইসলাম, মহিষালবাড়ির আফতার উদ্দিন প্রমুখ। সমাবেশে কৃষকেরা মাথাল মাথায় দিয়ে নিষ্ফলা টমেটোর গাছ নিয়ে যোগ দেন। এ ছাড়া তাঁদের হাতে সিনজেনটা কোম্পানির বিচারের দাবিসংবলিত প্লাকার্ড ছিল। সমাবেশ চলাকালে তাঁরা সিনজেনটা কোম্পানির স্থানীয় পরিবেশক ‘রবিউল ইসলামের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও/ সিনজেনটা কোম্পানির বিচার চাই/ কৃষকের সঙ্গে প্রতারণা বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত টমোটোচাষিরা বিক্ষোভ মিছিল নিয়ে এক কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান এসে চাষিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। আধ ঘণ্টা পর ইউএনও জুলিয়া মইন সেখানে এলে ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে স্মারকলিপির অনুলিপি কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিসচিব ও কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, ১০-১২ বছর ধরে চাষিরা গোদাগাড়ীতে টমেটো চাষ করছেন। সাফল্যের ধারাবাহিকতায় এখানকার প্রায় ৯০ শতাংশ কৃষক সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের স্থানীয় ডিলারের মাধ্যমে সবল এফ-১ হাইব্রিড জাতের টমেটো বীজ কিনে চাষাবাদ করছেন। এক বিঘা জমিতে ২০ গ্রাম বীজের প্রয়োজন হয়। যার কোম্পানি-নির্ধারিত মূল্য হচ্ছে ৮৫০ টাকা। এবার গোদাগাড়ীতে স্থানীয় ডিলার বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে ৮৫০ টাকার বীজ কৃষকদের এক হাজার ৬০০ টাকা থেকে দুই হাজার টাকায় কিনতে বাধ্য করেন। অথচ এবার ভরা মৌসুমে টমেটোর গাছ থাকলেও তাতে কোনো টমেটো নেই। এক বিঘা জমিতে তাঁদের ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। এই দেনা শোধ করতে গোদাগাড়ীর দরিদ্র বর্গাচাষিকে হালের বলদ ও ঘরের টিন বিক্রি করতে হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, এবার গোদাগাড়ীতে সিনজেনটা কোম্পানির বীজ ব্যবহারকারী চাষিদের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁরা সিনজেনটা কোম্পানিকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার এবং কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।স্মারকলিপি গ্রহণ করার পর ইউএনও জুলিয়া মইন বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা টমেটোচাষিদের ক্ষতির কথা শুনছি। তাই আপনারা স্মারকলিপি দেওয়ার আগেই উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বিষয়টি তদন্ত করছে। এই তদন্ত প্রতিবেদন ও আপনাদের স্মারকলিপির কপি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’এদিকে ক্ষতিগ্রস্ত চার কৃষক সিনজেনটা বাংলাদেশের চেয়ারম্যান ও স্থানীয় পরিবেশক রবিউল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে গত ৮ নভেম্বর রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে যে মামলা করেছিলেন, তার তদন্তভার গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলমের ওপরে দেওয়া হয়েছে। সাইফুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, গোদাগাড়ীর প্রায় ৮০ শতাংশ কৃষক এবার সিনজেনটার টমেটো বীজ ব্যবহার করেছেন। এ বিষয়ে তিনি একটি তালিকা সংগ্রহ করেছেন। এতে প্রায় ৭০০ জন কৃষকের নাম আছে। আর বিষয়টি তদন্তের জন্য তিনি আদালতের কাছে একজন বিশেষজ্ঞ চেয়েছেন। সিনজেনটার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য: গত ২২ নভেম্বর প্রথম আলোয় ‘গোদাগাড়ীতে টমেটোর ফলন খুবই কম, দিশেহারা কৃষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আহমেদ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেদনটির সঙ্গে তাঁরা একমত নন ও প্রতিবাদ জানাচ্ছেন। সিনজেনটা জানায়, ২০১০ সালে গোদাগাড়ী থানায় তাদের উৎপাদিত সবল বীজের চাহিদা ছিল ৭০০ কেজি। কিন্তু তারা মাত্র ২২০ কেজি বীজ সরবরাহ করতে পারে। এ কারণে বীজের প্রকট সংকট দেখা দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সবল বীজের প্যাকেট নকল করে বিক্রি করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা দেশের বিভিন্ন জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অনুরোধ করে। সিনজেনটার দাবির সত্যতা যাচাই করতে গোদাগাড়ীর কৃষি কর্মকর্তা সাইফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সিনজেনটার কেউ তাদের বীজের প্যাকেট নকল হওয়ার কথা আমাদের জানায়নি। তারা মিথ্যা দাবি করছে। বরং তারা ৮৫০ টাকার বীজ এক হাজার ৬০০ টাকার ওপরে বিক্রি করেছে। তাদের নির্ধারিত দামে বিক্রি করতে বললেও তারা বিক্রি করেনি।’সিনজেনটা তাদের প্রতিবাদলিপিতে জানায়, গোদাগাড়ী থানার পরিবেশক মো. রবিউল ইসলাম কোন কৃষকের কাছে কতটুকু সবল বীজ বিক্রি করেছেন, তার নাম, ঠিকানা, স্বাক্ষর বা টিপসইসহ রেজিস্টার তৈরি করেন, যার কপি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল জানান, গতকাল তিনি সরেজমিন পরিদর্শন করে দেখেছেন বীজ নেওয়া ওই তালিকার বেশির ভাগ টমেটোচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর সব চাষি সিনজেনটার স্থানীয় পরিবেশকের কাছ থেকেই বীজ কিনেছেন। এখানে নকল বীজ বিক্রির প্রশ্ন উঠলে কোম্পানি বা তার পরিবেশক নকল বীজ বিক্রি করেছেন। সিনজেনটা তাদের প্রতিবাদলিপিতে আরও দাবি করেছে, তারা পরিবেশক, খুচরা বিক্রেতা ও মাঠকর্মীদের মাধ্যমে বীজতলায় সবল জাতের টমেটো বীজ সেপ্টেম্বর মাসের আগে লাগাতে নিষেধ করলেও গোদাগাড়ীর অনেক কৃষক আগে আগে ফল তুলে আর্থিকভাবে লাভের আশায় সময়ের অনেক আগে বীজ বপন করেন। এই প্রতিবেদক গত এক সপ্তাহে গোদাগাড়ীর শতাধিক টমেটোচাষির সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন, সিনজেনটা বাংলাদেশের কোনো পরিবেশক, খুচরা বিক্রেতা ও মাঠকর্মী টমেটো চাষাবাদের সময়ের ব্যাপারে কৃষকদের কোনো পরামর্শ বা নিষেধ করেননি।