সিনজেন্টার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষতিগ্রস্ত টমেটোচাষিদের মামলায় বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তা ও স্থানীয় এক পরিবেশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক এই আদেশ দেন।যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি হয়েছে তাঁরা হলেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের কাস্টমার সাপোর্ট ম্যানেজার সৈয়দ সামসুজ্জামান, সাপ্লাই চেইন ডিরেক্টর আসিফ কিবরিয়া ও সেলস ডিরেক্টর আদম আলী এবং গোদাগাড়ীর পরিবেশক রবিউল ইসলাম। এই চারজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। সিনজেন্টা বাংলাদেশের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকদের শুধু পদ উল্লেখ ছিল। নাম ছিল না। গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়ার সময় আদালত এই দুই কর্মকর্তার নাম বাদ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার টমেটোচাষীরা সিনজেন্টার সবল (এফ-১) জাতের বীজ রোপণ করে এবার ক্ষতির শিকার হন। এ ঘটনায় গোদাগাড়ীর মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের মুখলেসুর রহমানসহ চার ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণের দাবিতে গত ৮ নভেম্বর সিনজেন্টা বাংলাদেশের স্থানীয় পরিবেশক রবিউল ইসলাম এবং পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। হাকিম এ বি এম মাহমুদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গত ১৫ নভেম্বর রাজশাহী বীজ প্রত্যয়ন এজেন্সির ফিল্ড অফিসার আহমেদ শাফীকে সভাপতি ও গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) রাজশাহীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুস সালাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ও রাজশাহী মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অফিস প্রধান মহিউদ্দিন আহমেদ।তদন্ত শেষে কমিটি বৃহস্পতিবার ১৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন আদালতে দাখিল করে। এতে বলা হয়েছে, গোদাগাড়ীতে এবার মোট চার হাজার হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। এর মধ্যে সবল জাতের বীজ ব্যবহার করা হয়েছে তিন হাজার ২৪০ হেক্টর জমিতে। এর ৮৯৮ হেক্টর জমিতে ১০ শতাংশের নিচে, ৭৩৯ হেক্টর জমিতে ১০ থেকে ২৫ শতাংশ, ৪৩৮ হেক্টর জমিতে ২৫ থেকে ৫০ শতাংশ, ১৪৮ হেক্টর জমিতে ৫০ শতাংশের ওপরে এবং ৩৮ হেক্টর জমিতে শতভাগ টমেটোর চারার ক্ষতি হয়েছে।প্রতিবেদনের মাঠ পরিদর্শন অংশে উল্লেখ করা হয়েছে, মামলায় উল্লিখিত মৌজাগুলো পরিদর্শন করে অধিকাংশ মাঠ ক্ষতিগ্রস্ত পাওয়া যায়। কোনো কোনো মাঠ শতভাগ এবং কোনো কোনো মাঠ আংশিক ক্ষতিগ্রস্ত দেখা যায়। একই মাঠে সবল জাতের টমেটো খারাপ এবং পাশের জমিতে অন্য জাতের টমেটো ভালো অবস্থায় পাওয়া যায়।তদন্ত প্রতিবেদনে সার্বিক মন্তব্যের ঘরে বলা হয়েছে, সিনজেন্টা কোম্পানি কম জীবনীশক্তি ও বিজাত-মিশ্রিত বীজ বাজারজাত করেছে। দ্বিতীয়ত ভেজাল বা নকল বীজ সরবরাহ করা হয়েছে। প্রতিবেদনের অপর অনুচ্ছেদে বলা হয়েছে, কম জীবনীশক্তির বীজ বাজারজাত করা হয়েছে—এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হচ্ছে না। তবে বিজাত-মিশ্রিত বীজ সরবরাহ করা হয়েছে এটা প্রমাণিত।এতে বলা হয়েছে, কোম্পানির নিয়ম ভেঙে মামলার এক নম্বর আসামি সিনজেন্টার পরিবেশক রবিউল ইসলাম অধিক মুনাফার লোভে সিন্ডিকেট করে নিম্নমানের সবল বীজ সরবরাহ বা বিক্রি করেছেন বলে প্রতীয়মান হচ্ছে। তদন্ত প্রতিবেদনে আসামিকে ধরে অধিকতর বা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সিনজেন্টা কোম্পানির কর্মকর্তা বা কর্মীদের মনিটরিং আরও জোরদার হওয়া উচিত ছিল। তাহলে ময়মনসিংহ ও যশোরের মতো পদক্ষেপ নিয়ে কৃষকদের রক্ষা করতে পারত। কিন্তু তারা তা করেনি বা ইচ্ছাকৃতভাবে করেনি। তদন্ত কমিটির সদস্য গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম লিখেছেন, ‘আসামিরা নকল সবল জাতের বীজ উচ্চমূল্যে বেচাকেনার সঙ্গে সরাসরি জড়িত আছে বলে আমার নিকট প্রাথমিক প্রতীয়মান হয়েছে।’ওসি জাকিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আদালত সিনজেন্টা কোম্পানির তিন কর্মকর্তা ও স্থানীয় পরিবেশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বলে জানতে পেরেছি। তবে পরোয়ানার কপি এখনো হাতে পাইনি।’প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত কৃষকেরা গত ২৩ নভেম্বর সিনজেন্টা কোম্পানির লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন। তাঁদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় সাংসদ, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র।