সিনেটর স্যাক্সবিকে জন রোহ্ড
জন রোহ্ড ইউএসএআইডির পূর্ব পাকিস্তান অংশে কর্মরত ছিলেন। সিনেটর স্যাক্সবিকে লেখা তাঁর চিঠিটি যুক্তরাষ্ট্র কাঁপিয়ে দিয়েছে। সমর্থন জুগিয়েছে স্বাধীনতা-সংগ্রামে লিপ্ত বাংলাদেশকে। চিঠিটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।হাডসন, ওয়াহিও ১৭ এপ্রিল ১৯৭১মাননীয় উইলিয়াম বি স্যাক্সবিনিউ সিনেট অফিস বিল্ডিংওয়াশিংটন ডিসিপ্রিয় সিনেটর স্যাক্সবি,দুদিন আগে আমার স্ত্রী ও আমাকে পূর্ব পাকিস্তানের ঢাকা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। ইউএসএআইডির ডাক্তার হিসেবে আমি গত তিন বছর সেখানে কর্মরত ছিলাম। ২৫ মার্চ সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি আপনার জানা আছে, এটা আমি নিশ্চিত। কিন্তু পুরোপুরি সেন্সরশিপ আরোপ, সাংবাদিকদের বহিষ্কার করা, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা, পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর প্রচারণা এবং দাবিয়ে রাখা—সব মিলিয়ে সে দিনের পর পূর্ব পাকিস্তানে কী ঘটেছে, সে খবর জানা খুবই কষ্টকর। সেনাবাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই আমেরিকার কনসাল জেনারেল এবং তাঁর অধীন কর্মচারীরা সব ঘটনার বাস্তব বিবরণ—ফার্স হ্যান্ড রিপোর্ট পাঠানো অব্যাহত রেখেছেন। এসব প্রতিবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হতো, পররাষ্ট্র দপ্তরে পাঠানোর আগে যাচাই করা হতো। পররাষ্ট্র দপ্তর প্রকাশ্যে বলছে, তাদের হাতে পর্যাপ্ত তথ্য নেই। কিন্তু প্রতিদিন আমি তথ্যবহুল প্রতিবেদন ঢাকা থেকে পাঠাতে দেখেছি। করাচিতে কর্মরত আমেরিকান কনসাল আমাকে বলেছেন, অতি সম্প্রতি তাঁরা পূর্ব পাকিস্তানের এসব বিবরণ পেতে শুরু করেছেন, অথচ ঢাকা কনস্যুলেট একেবারে শুরু থেকে প্রতিবেদন পাঠাচ্ছে।যদিও কনসাল ব্লাডের (আর্চার ব্লাড) প্রতিবেদনে বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে বিবৃত, আমি কতগুলো পর্যবেক্ষণের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ২৫ মার্চ রাতে আমি ও আমার স্ত্রী ছাদের ওপর থেকে আর্টিলারি ও মর্টারের গোলার আগুনের লাল শিখায় দেখেছি ক্যান্টনমেন্ট থেকে ট্যাংক বের হয়ে আসছে। গোলা বর্ষিত হচ্ছে জনাকীর্ণ বস্তি ও বাজারের ওপর। দুদিনের প্রচণ্ড বিস্ফোরণ ও মেশিনগানের অবিরাম গুলিবর্ষণের শব্দের মধ্যে যখন কারফিউ ভাঙল, আমরা শহরের ভেতর গাড়ি চালিয়ে এগোতে থাকলাম। যারা শহর ছাড়ছে, তাদের ভিড় ঠেলে গুলশান থেকে মহাখালী আসার পথে দেখলাম, রেললাইনের ধারের ঝুপড়িগুলো আগুনে পোড়া। কাছাকাছি বসবাস করা আমার এক বাঙালি বন্ধু দেখেছেন, সেনাসদস্যরা আগুন লাগিয়ে দিয়েছে আর যখন একটি পরিবার ছুটে বের হয়ে আসছে, তখন তাদের কুকুরের মতো গুলি করে মেরেছে। আমরা যখন তাকেসহ ১২ জনের পরিবারটিকে আমাদের বাসায় আশ্রয় দিতে চাইলাম, তিনি রাজি হলেন। পুরোনো শহরে আমরা নয়াবাজারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হাঁটছিলাম। এখানে হিন্দু ও মুসলমান কাঠুরেরা কাজ করত, এখন সেখানে কিছু লোহা, পাত ও ধিকিধিকি জ্বলা ধ্বংসাবশেষ। শাঁখারি বাজারের হিন্দু দোকানদার ও কারিগর যারা তখনো বোমার ধ্বংসযজ্ঞের মধ্যে জীবিত, মরিয়া হয়ে আমার কাছে সাহায্য চাইল— অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনী এলাকার সবাইকে হত্যা করার জন্য আক্রমণ চালায়। একজনের পেটে গুলি লাগে। আমরা পৌঁছার মাত্র আধঘণ্টা আগে মারা যায়। অন্যরা রাস্তায় পড়ে আছে, পচছে। যেদিন আমাদের ঢাকা ছাড়তে হলো, তার আগের দিন শাঁখারি বাজার গিয়ে দেখলাম, হিন্দুদের বাড়ির ওপর উর্দু হরফে মুসলমানদের নাম লিখা। ২৯ মার্চ আমরা রমনা কালীবাড়ির সামনে দাঁড়ালাম। ঢাকার কেন্দ্রে রমনা রেসকোর্সের ভেতর এ পুরোনো গ্রামটিতে প্রায় আড়াই শ মানুষ বাস করত। দেখলাম, মেশিনগানের গুলিতে ও আগুনে পোড়া পুরুষ, মহিলা ও শিশুদের স্তূপ। সে দিনই অতিভোরে তাদের হত্যা করা হয়েছে, আমি ঘটনার ক ঘণ্টা পর এ দৃশ্যের ছবি তুললাম।সদরঘাট, শাঁখারিপট্টি, রায়েরবাজার, নয়াবাজার ও ঠাঁটারি বাজারে হাজার হাজার মানুষের বাড়িঘর, ভিটি পর্যন্ত পোড়া।২৯ তারিখে আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের আবাসন জগন্নাথ হল ও ইকবাল হলের মধ্য দিয়ে হেঁটে গেলাম। সেনাবাহিনীর ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়েছে। জগন্নাথ হলের নিবাসী সবাইকে হত্যা করা হয়েছে। যেদিক দিয়ে ট্যাংক গিয়েছে, ভাঙা দেয়াল চোখে পড়ল। হলের সামনে ট্যাংক চলাচলের চিহ্ন এবং গণকবর। একজনের সঙ্গে কথা হলো—তাকে মৃতদেহ টেনে বের করতে বাধ্য করা হয়েছে, তিনি এক কবরে ১০৩ জনের লাশ গুণেছেন। বাইরে ডর্মিটরির দেয়ালে বড় বড় ছিদ্র, ভেতরে রুমে রুমে তখনো ধোঁয়া আর মেঝে রক্তাক্ত। আমরা ইকবাল হলেও ট্যাংক আক্রমণের চিহ্ন দেখলাম, সেখানে মৃতদেহগুলো পড়ে আছে, তখনো কবর দেওয়া হয়নি।পরের দুই সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপকসহ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী সম্প্রদায়কে নিধন করা হলো। তাঁদের মধ্যে রয়েছে দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জি সি দেব, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. নাকভি, ইতিহাস বিভাগের প্রধান ড. আলী। অধ্যাপকদের পরিবারের অনেক সদস্য গুলিবিদ্ধ হন। এসবের পুরো দলিলীকরণ খুব কঠিন কাজ, ঢাকা ছাড়ার সময় সেনাবাহিনী তন্নতন্ন করে তল্লাশি করে। তিনটি বহুল প্রচারিত পত্রিকা অফিস দ্য পিপল, ইত্তেফাক ও সংবাদ কার্যালয় পুড়িয়ে ফেলার পর সংবাদ পরিবেশনের ওপর পূর্ণ সেন্সরশিপ আরোপ করা হয়।প্রথম দুদিনের আক্রমণের পরও সামরিক বাহিনীর আক্রমণ অব্যাহত থাকে। পয়লা এপ্রিল খুব ভোরে কেরানীগঞ্জের জিঞ্জিরায় আর্টিলারি গোলাবর্ষণ চলে। সন্ত্রস্ত ঢাকা শহর থেকে পলায়নপর প্রায় এক লাখ মানুষ তখন জিঞ্জিরায়। রেডিও পাকিস্তান ক্রমাগত বলতে থাকে, ঢাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। কিন্তু আমরা দেখলাম, প্রায় জনশূন্য একটি শহর।ঢাকার উপশহর গুলশান, যেখানে আমরা থাকতাম দেখলাম, শিশু পার্কের সামনে থেকে দায়িত্বরত ইস্ট পাকিস্তান রাইফেলস সদস্যদের নিরস্ত্র করা হয়; কাছের একটি বাজারে সেনারা খাবারের দোকানে লুটপাট চালায়। ইপিআর সদস্যদের ‘নিয়ে যাওয়া’র জন্য বলপূর্বক একটি ট্রাকে উঠিয়ে দেওয়া হয়—এর চূড়ান্ত পরিণতি মৃত্যু। হাজার হাজার বাঙালি পুলিশ ও ইপিআর সদস্যের গণহত্যার চিত্র ক্যামেরা বন্দি করা হয়েছে। এক প্রতিবেশীর বাড়ি থেকে দেখলাম, গুলশান লেকে কম বয়সী ছেলেরা সাঁতার কাটছিল, সেনাসদস্যরা সেখানে তিনবার গুলি করে। প্রায় প্রতি রাতে আমার বাসার আশপাশে গোলাগুলির শব্দ শুনি। আমার বাসায় আশ্রয় নেওয়া মোট ২৬ জন মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।অনেক সুনির্দিষ্ট নৃশংসতার বিবরণ আমার পক্ষে দেওয়া সম্ভব; কিন্তু আমরা পেছনে যেসব ঘনিষ্ঠ বন্ধুদের রেখে এসেছি এতে তাদের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে। এটা এখন স্পষ্ট, পূর্ব পাকিস্তানে জংলি আইনের রাজত্ব চলছে—নিরস্ত্র জনতাকে হত্যা, বুদ্ধিজীবীদের পরিকল্পিত বিনাশ এবং হিন্দুদের নিঃশেষ করে দেওয়ার কাজ বেশ এগোচ্ছে।পশ্চিম পাকিস্তানি সেনা, নৌ ও বিমানবাহিনী নিরস্ত্র বাঙালি জনতার ওপর যে অনৈতিক আঘাত করে যাচ্ছে, সে সম্পর্কে পররাষ্ট্র দপ্তর থেকে কোনো ধরনের বিবৃতি না দেওয়াতে মনে হচ্ছে বরং তাদের সমর্থনই করছে। আমাদের পাকিস্তানি বাণিজ্যিক উড়োজাহাজে উঠিয়ে আনা হয়েছে। এ উড়োজাহাজ বোঝাই পাকিস্তানি সেনা ও সামরিক রসদ নামানোর পর আমাদের উঠানো হয়। আমেরিকার সাহায্য নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সেনা অভিযানে কাজে লাগছে। তেহরানে পাকিস্তানের স্থানীয় সহায়তা না পাওয়ায় আমি বার্তাটি পাঠাতে পারিনি।এই সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করা কিংবা বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার বন্ধ করার সামর্থ্য আমাদের সরকারের নেই—এটা পুরোপুরি মেনে নিয়েও পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষ যে অমানবিক আচরণ পাচ্ছে, অন্তত তার নিন্দা জানানোর জন্য আপনি কংগ্রেস ও প্রেসিডেন্টের সমর্থন আদায়ের চেষ্টা করবেন, এ আমার আরজি।কোনো রাজনৈতিক বিবেচনাই মানবিক ভূমিকাকে ছাড়িয়ে যেতে পারে না—ব্যক্তির জীবনের মূল্য সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমেরিকান বিশ্বাস পুনরুক্তি করতে হচ্ছে।গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল, যার পেছনে রয়েছে পূর্ব পাকিস্তানের ৯৮ শতাংশ মানুষের সমর্থন—প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন; যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার বড়াই করে, এ ঘটনায় সে দেশের জেগে ওঠার কথা।আমাদের নিবেদন, পূর্ব পাকিস্তানের বেসামরিক জনগণের এ ট্র্যাজিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে আপনি সক্রিয়ভাবে মুখ খুলুন।আপনার একান্তজন ই রোহ্ড, এমডিএ মর্মন্তুদ চিঠিটি সিনেটে উপস্থাপিত হয় ১৯৭১ সালের ২৯ এপ্রিল।