ঢাকাসহ সারা দেশে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রাজা সূর্য খাঁ ছবিটি। গাজী মাহাবুব পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নিরব। কথা হলো তাঁর সঙ্গে।‘রাজা সূর্য খাঁ’ ছবিতে একই সঙ্গে আপনি, সোহেল রানা, কবরী, ববিতা ও পূর্ণিমা অভিনয় করেছেন। এত শিল্পীর মধ্যে আপনি নিজেকে মেলে ধরেছেন কীভাবে?গল্পের প্রয়োজনেই এখানে অনেক চরিত্র এসেছে। আমি শ্যামরাজ্যের একজন বাসিন্দা। বাঁশি ভালো বাজাতে পারি। আমার বাঁশির সুর শুনে রাজার মেয়ে মুগ্ধ হয়; এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে আমাদের মধ্যে। চেষ্টা করেছি নিজের কাজটা ভালোভাবে করতে।বাস্তবে কি আপনি বাঁশি বাজাতে পারেন?বাঁশি খুব ভালো বাজাতে পারি। বাঁশি বাজানোর আনন্দই অন্য রকম! তবে বাঁশি বাজাতে হলে চাই অন্য রকম এক পরিবেশ—নদীর ধার, বনাঞ্চল, সবুজ শস্যখেত; যা শহরে পাওয়া যায় না।বাস্তবে কি বাঁশি শুনিয়ে কাউকে আকৃষ্ট করেছেন?(কিছুক্ষণ চুপ থেকে) হা...হা...হা...। বলা কি ঠিক হবে?কেন, বন্ধু সারিকা কি রাগ করবেন?তা নয়। বাঁশি শুনে প্রশংসা করেছেন কেউ কেউ—এ কথা বলতে পারি।‘রাজা সূর্য খাঁ’ ছবিতে আপনার যুদ্ধের আয়োজন দেখিয়েছেন। আপনার কি মনে হয় যে পরিপূর্ণভাবেই সেটা করতে পেরেছেন?পরিচালক আমাদের নিয়ে চেষ্টা করেছেন। বাকিটা আসলে দর্শকই ভালো বলতে পারবেন। আমি তলোয়ার চালাতে পারতাম না। ঘোড়ায় চড়ে চলাফেরা করিনি এর আগে। গাড়ির স্টিয়ারিং ধরে এক্সিলেটরে পা দিলেই গাড়ি চলে, কিন্তু ঘোড়ার কোথায় পা দিয়ে খোঁচা দিতে হয় বা লাগামটা কখন টানতে হবে, সেটার জন্য কিন্তু প্রশিক্ষণ নিতে হয়েছে। তলোয়ার চালানো শিখতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছি এবং একটি প্লেট লাগাতে হয়েছিল। আমরা ভালোভাবেই সিনেমায় যুদ্ধের অংশগুলো নিয়ে এসেছি।সিনেমার অবস্থা তো ভালো নয়। অনেকের হাতেই ছবি নেই। আপনি কি মনে করেন না যে আবার টিভি নাটকে ফিরে আসা দরকার?এত দিন যখন টিভি নাটকে কাজ করিনি, তখন আর এটা নিয়ে ভাবছি না। সিনেমা নিয়ে আমি এখনো আশাবাদী। দেখি না, শেষ কোথায় যায় এবং এর চূড়ান্ত ফলাফল কী।