সিনেমায় যেমন হয়
ভীষণ অভাবী একটা ছেলের গল্প। নুন আনতে তার পান্তা ফুরোয়। খিদে মেটানোর জন্য জীবনের সঙ্গে যুদ্ধ চলে। ওই যুদ্ধ করতে করতেই একদিন জিততে শিখে যায় ছেলেটি। একদিন আশপাশের সবাইকে অবাক করে দিয়ে ‘নায়ক’ হয়ে ওঠে সে। পরিচিত-অপরিচিতদের মুখে মুখে ঘোরে সেই ছেলেটির নায়ক হয়ে ওঠার গল্প।সিনেমায় এমনটা হয়।বাস্তবে কি এমন ‘নায়ক’-এর সন্ধান মেলে? আর কোথাও মিলুক বা না-ই মিলুক, কুর্মিটোলা গলফ কোর্সে গেলে চোখের সামনে গন্ডা গন্ডা ‘নায়ক’ দেখতে পাবেন। সিদ্দিক, জামাল, শাখাওয়াত, জাকির আরও অনেককে।এঁরা সবাই নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ধাপে ধাপে উঠে এসেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ে। একদিনের ‘বলবয়’ এই ছেলেগুলোর লড়াই এখন দেশের জন্য। একঝাঁক নায়কের এই সারিতে নতুন এক সংযোজনের নাম দুলাল হোসেন; গলফের সোনালি ছেলে দুলাল।এই দুলালের হাত ধরেই সাম্প্রতিক সময়ে বেশ কিছু জ্বলজ্বলে প্রাপ্তি হয়েছে আমাদের। কিছু দিন আগে শেষ হওয়া ঢাকা এসএ গেমসে দলীয় সোনা জিতেছেন দুলালরা। সেই সঙ্গে ভারতীয়দের চমকে দিয়ে জেতেন ব্যক্তিগত সোনাও!এসএ গেমসের এই অর্জনে দুলাল হোসেন রাতারাতি এমন কিছু ‘টাইগার উডস’ হয়ে যাননি। এমনকি বাংলাদেশের সেরা গলফারের স্বীকৃতি পেতেও তাঁকে অনেক পথ পাড়ি দিতে হবে। তার পরও দুলাল একজন ‘নায়ক’।দুলালের নায়ক হয়ে ওঠার শুরুটা বাবা মোহাম্মদ শফিউর রহমানকে দিয়ে। কুমিল্লার এই মানুষটা স্রেফ অভাবের টানে দুলালের জন্মের আগেই চলে এসেছিলেন ঢাকায়। নানা ঘাটে ঘোরার পর একটু থিতু হয়েছিলেন কুর্মিটোলা গলফ কোর্সে এসে। ওখানেই চা-বিস্কুট-শসা-গাজর বিক্রি করে জীবন চলত।দুলাল জ্ঞান হয়েই দেখেছেন, চোখের সামনে ওই গলফ কোর্স। তাঁরও জীবন শুরু হয়েছে বাবার মতো চা-বিস্কুট-শসা-গাজর বিক্রি করতে করতে।জ্ঞান হয়েই দেখেছেন গলফ ক্লাব, আয়রন, বল। কোর্সের বাইরে দাঁড়িয়ে চা বিক্রি করতে করতে অবাক হয়ে খেলা দেখতেন দুলাল। সাদা পোশাক পরা ধবধবে ফর্সা সেসব খেলোয়াড় দুলালের দিকে ফিরেও চাইতেন না।একজন দুলালের দিকে ফিরে চাইলেন—বাবু হামিদ। এই ভদ্রলোকও দুলালের মতো দারিদ্র্যের নিষ্ঠুরতা দেখে বড় হয়েছেন। দুলালের চোখে নিজের ছায়া দেখতে পেয়েই যেন ডেকে নিলেন ওকে, বলবয় হিসেবে কাজ করার জন্য। দুলাল ঢুকে পড়লেন গলফের জগতে।বাবুর শট করা বলগুলো দৌড়ে দৌড়ে কুড়িয়ে আনতেন দুলাল। দিনশেষে ২০-৩০ টাকা জুটত। তা-ই সই। বাবা বলেন, এসব বাদ দিয়ে স্কুলে যেতে। দুলাল ‘না’ করে দেন। স্কুলে গেলে বাবা কীভাবে সংসার চালাবেন। চার ভাই, দুই বোন, মা—বড় সংসার। তার ওপর একজন আয় না করে স্কুলে গেলে চলে কীভাবে! তার চেয়েও বড় কথা, দুলালকে তত দিনে গলফের নেশায় ধরেছে।নেশাটা আরও জমে গেল গলফ কোর্সে ১২০০ টাকা বেতনে ‘বলবয়’ হিসেবে কাজ পেয়ে যাওয়ার পর। বাবু বললেন, ‘এবার খেলাটাও শুরু করো।’ তা-ই করলেন দুলাল। নিজের আয়ের টাকা ব্যয় করে শুরু হলো প্র্যাকটিস। এক ঝুড়ি বল শট করতে গেলে ২০ টাকা বল ভাড়া দিতে হয়। প্রতিদিন দুই-তিন ঝুড়ি বল শট করা শুরু হলো।বছর দুই-তিনের মধ্যে ‘ক্যাডি’ বা ব্যাগবাহক হিসেবে দুই হাজার টাকা বেতনের চাকরি হয়ে গেল দুলালের। এক দিনে পিঠে কেজি তিরিশেক ওজনের ওই ব্যাগ নিয়ে দৌড়ানো, আরেক দিনে শটের পর শট। দিনে দিনে গলফার হয়ে ওঠেন দুলাল।গলফার দুলালকে একদিন বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করেন কর্মকর্তারা। কোর্সের সব ‘ক্যাডি’ ও ‘বলবয়’ মিলে প্রতি সপ্তাহে নিজেরাই একটা টুর্নামেন্ট আয়োজন করেন। সেই টুর্নামেন্টেই চোখে পড়ে যান দুলাল। সেখান থেকে জুনিয়র জাতীয় দল। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুলালকে। ২০০৮ সালে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, ২০০৯ সালেই চিনিয়েছেন নিজেকে। সেবার দক্ষিণ এশিয়ান অপেশাদারদের একটা টুর্নামেন্টে রানারআপ হয়ে গেলেন! তারপর এসএ গেমসের সোনালি দিন।‘অতঃপর দুলাল সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল’—লেখার এই পর্যায়ে এমন একটা লাইন লিখে দিতে পারলে বেশ হতো। তাহলেই সিনেমার ষোলকলা পূর্ণ হতো। কিন্তু জীবনটা যে ঠিক সিনেমা নয়, তার চেয়ে বেশি কিছু।জীবনটা সিনেমা নয় বলেই সোনার আলোয় ঝলমল করা দুলালের মুখ কালো হয়ে ওঠে, পরিবারের দুশ্চিন্তায়। একটা বেসরকারি সংস্থার (জেমকন) বদান্যতায় সংসার চালানোর মতো কিছু টাকা আপাতত দুলাল আয় করতে পারছেন। কিন্তু এভাবে কি জীবন যাবে? ছোট ভাই লেখাপড়া করছে। ওর পড়াশোনা চলবে কী করে? যে এলাকায় থাকেন, ওখানকার পরিবেশটা ভালো নয়। ভালো একটা বাসা কীভাবে নেওয়া যায়? বাবার শরীরটা খারাপ হচ্ছে। চিকিৎসার জন্য ভালো কিছু করার উপায় কী?দুলালের কপালের ভাঁজ বাড়তে থাকে। মাথা নিচু করে ফেলেন। হঠাৎ মনে হয়, লড়াইটাই বুঝি ছেড়ে দেবেন। কিন্তু না। কয়েকটা সেকেন্ড। তার পরই মাথা উঁচু করে বসে পড়েন, ‘সব ঠিক হয়ে যাবে। দেখবেন, আমি একদিন বিরাট খেলোয়াড় হব।’এই তো আমাদের দুলাল। চকচকে চোখে দুলাল বলে ওঠেন, ‘আর বছর দুই পর প্রফেশনাল সার্কিটে চলে যাব। তখন ভালো আয় করতে পারব। তখন দেখবেন, আমি টাইগার উডসের সঙ্গে খেলছি।’ছোটবেলায় বাড়িওয়ালার সিডিতে টাইগার উডসের একটা ভিডিও বারবার দেখতেন। সেই থেকে জীবনের একমাত্র স্বপ্ন টাইগার উডসের সামনে দাঁড়ানো। সেটা কি আদৌ সম্ভব! দুলাল চোয়াল শক্ত করে ফেলেন, ‘কেন সম্ভব না! এই তো সিদ্দিক ভাই এখন এশিয়া ট্যুরে ভালো করছেন, কদিন পর দেখবেন, তিনি টাইগারদের সঙ্গে খেলবেন। আমি অবশ্যই পারব।’অবশ্যই পারবেন দুলাল। আপনাদের পারতেই হবে। আপনারা যে সত্যিকারের নায়ক।