সিন্ডিকেট ও মন্ত্রণালয়ের অদক্ষতা মিল্ক ভিটাকে ধ্বংস করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি মিল্ক ভিটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের অদক্ষতাকে দায়ী করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে কমিটি। সিন্ডিকেটের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করতেও বলেছে। বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, মিল্ক ভিটার অনিয়ম-দুর্নীতি তদন্তে মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তবে সংসদীয় কমিটি বলেছে, মন্ত্রণালয়ের তদন্তে সন্তুষ্ট না হলে সংসদীয় কমিটি এ বিষয়ে একটি উপকমিটি গঠন করবে। বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী সাংবাদিকদের বলেন, মিল্ক ভিটায় চরম দুর্নীতি চলছে। তিনটি সিন্ডিকেট এটিকে নিয়ন্ত্রণ করছে। জনবল নিয়োগসহ সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে। এক কথায় প্রতিষ্ঠানটি এখন নিয়ন্ত্রণহীন। মন্ত্রণালয়ের অদক্ষতাও এর জন্য দায়ী। সংসদীয় কমিটি এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। জানা গেছে, কমিটি মিল্ক ভিটার তরল দুধের দাম বাড়ানোর সমালোচনা করেছে। কমিটির অভিযোগ, মিল্ক ভিটার নির্ধারিত দামের চেয়ে খুচরা বাজারে বেশি দামে দুধ বিক্রি হচ্ছে। এ বিষয়ে কমিটির সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, মিল্ক ভিটার চেয়ারম্যান সরকারের খাস লোক, তাঁর ইশারায় প্রতিষ্ঠানটি চলছে। সরকারি ছত্রছায়ায় সেখানে একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটই এখন মিল্ক ভিটা এবং এর দাম নিয়ন্ত্রণ করছে।তবে কমিটির কাছে দেওয়া একটি প্রতিবেদনে মিল্ক ভিটার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ১৫ শতাংশ। সে অনুযায়ী, দুধের বিক্রয়মূল্য হওয়ার কথা ছিল লিটারপ্রতি ৬০ টাকা ৩ পয়সা। সেখানে মিল্ক ভিটার দাম লিটারপ্রতি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, আশরাফুন নেছা মোশারফ প্রমুখ উপস্থিত ছিলেন।