সিন্ডিকেট ভাঙতে টিসিবির কার্যক্রম জোরদার করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশুভ বাজার-সিন্ডিকেট ভাঙতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম জোরদার করা হবে। গতকাল রোববার সকালে তাঁর কার্যালয়ে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিলের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, টিসিবিকে শক্তিশালী করা ছাড়া বাজার-সিন্ডিকেটের হাতে জিম্মি জনগণকে উদ্ধার করা সম্ভব নয়। টিসিবিকে ধ্বংসের জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে তিনি বলেন, টিসিবি সক্রিয় থাকলে বাজার-সিন্ডিকেট করে কারও পক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি করা সম্ভব হতো না। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির উন্নতির জন্য সরকারি-বেসরকারি উভয় খাতের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, কেবল বেসরকারি খাতের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।শেখ হাসিনা বলেন, বেসরকারি খাতের পাশাপাশি আমাদের শক্তিশালী সরকারি খাত ছিল বলেই বিশ্বমন্দার খুব একটা প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়েনি। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধির প্রত্যাশিত হার বজায় রাখা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি খাতেও ব্যাংক, বিমা কোম্পানিগুলোকে আরও শক্তিশালী করতে হবে।শেখ হাসিনা আদমজী জুট মিল বন্ধ করে দেওয়ায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে দেশের অর্থনীতির চরম ক্ষতি করা হয়েছে। তিনি বলেন, সরকার দেশের রুগ্ণ শিল্পকারখানাগুলো সংস্কারের মাধ্যমে পুনরায় চাঙা করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।কুয়েতের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ: কুয়েতের পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ আল-হাউতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে কথা বলেন। তাঁরা ইসলামিক সম্মেলন সংস্থাকে (ওআইসি) আরও শক্তিশালী ও বিশ্বের মুসলিম উম্মাহর সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।শেখ হাসিনা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশের জ্বালানি খাতে আরও সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে দেখতে সিএমএইচে: প্রধানমন্ত্রী গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরকে দেখতে যান। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রতিমন্ত্রী সিএমএইচে ভর্তি হন। প্রধানমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।