চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
সিন্ডিকেটের সিদ্ধান্ত ভুল, তাই ছাত্রাবাসে ছাত্রলীগ!
উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্রলীগের আন্দোলনকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে সিন্ডিকেট ছাত্রাবাস খালি করার সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে যান। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসেই অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদের সিদ্ধান্ত না মেনে এভাবে ছাত্রাবাসে অবস্থানকে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন শিক্ষকেরা। তবে ছাত্রলীগের নেতারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয় ও ছাত্রাবাস বন্ধের সিন্ডিকেটের সিদ্ধান্ত সঠিক ছিল না। তাই তাঁরা ছাত্রাবাস ছাড়েননি।বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার ফের সিন্ডিকেট সভা ডেকেছে কর্তৃপক্ষ। গত ১৪ ডিসেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয় ভর্তি পরীক্ষাও।উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের অপসারণসহ ২১ দফা দাবিতে ছাত্রলীগ গত ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করে। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ২১ ডিসেম্বর আন্দোলন সাময়িক স্থগিত করে স্থানীয় ছাত্রলীগ।গতকাল সকালে ছাত্রাবাসে ছাত্রলীগের ৫০-৬০ জন নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। তাঁদের কেউ ছাত্রাবাসের মূল ফটকের সামনে রোদে বসে পত্রিকা পড়ছিলেন। কেউ আবার ফটকের ভেতরে ক্যারম বোর্ড খেলছিলেন। আগের নিয়মেই ছাত্রাবাসে রান্নাবান্না চলছে। ছাত্ররা ডাইনিং কক্ষে দুপুর ও রাতের খাবার খাচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের ধারণা, রাজনৈতিক সমর্থন নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসে অবস্থান করছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য খারাপ নজির হয়ে থাকবে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র ছাত্রাবাসে আন্দোলনকারীদের অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করে প্রথম আলোকে বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রাবাসে অবস্থান নেওয়ার ঘটনা ইতিপূর্বে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কি না আমার জানা নেই। তাই পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার দাবি করেন, ‘অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিন্ডিকেটের সিদ্ধান্ত সঠিক ছিল না। ২১ দফা দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে আমরা আন্দোলন সাময়িক স্থগিত রেখে চুপচাপ আবাসিক ছাত্রাবাসে অবস্থান নিয়েছি।’ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মোমেন জানান, ‘ছাত্রাবাস ত্যাগের সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর হবে না বলে ১৪ ডিসেম্বর রাতে অধ্যাপক কবিরুল ইসলাম খানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা আমাদের জানিয়ে দেন। তাই ছাত্রাবাসে অবস্থান করছি।’অধ্যাপক কবিরুল ছাত্রলীগের নেতা মোমেনের বক্তব্যকে অসত্য বলে মন্তব্য করে বলেন, ‘১৪ ডিসেম্বর রাতে আমি ছাত্রাবাসে যাইনি। ছাত্ররা শিক্ষকদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রাবাস খালি করতে ১৫ ডিসেম্বর আমরা লিখিত বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছি। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তা না মেনে ছাত্রাবাসে অবস্থান করছে।’বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানের নামে ছাত্রাবাসের নামকরণ বাতিল, শিক্ষক নিয়োগে যোগ্যতার মানদণ্ড শিথিল, শহীদ মিনার নির্মাণসহ ২১ দফা দাবিতে ছাত্রলীগ ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ছাত্রলীগের এ আন্দোলনে সরাসরি সমর্থন দেন। ছাত্রলীগ এখনো উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড়।