সিন্ধুতে শহররক্ষা বাঁধে ভাঙন, প্রায় দুই লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে
বন্যার পানির তোড়ে আজ শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে থাট্টায় শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় প্রায় দুই লাখ লোক শহর ও এর আশপাশের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ফলে থাট্টা শহরটি এখন প্রায় জনশূন্য। আর হাজার হাজার লোক ঘরের বাইরে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অথবা উচুঁ স্থানের দিকে ছুটে যাচ্ছে।থাট্টা শহরে দুর্যোগব্যবস্থাপনা কর্মকর্তা হাদি বকশ কালহোরো জানান, বন্যায় প্রধান শহররক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বসবাসরত এক লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তারা প্রধান সড়ক, উঁচু এলাকা কিংবা পাশের শহরে আশ্রয় নিয়েছে। অধিকাংশ লোক খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে।হাদি বকশ আরও জানান, শহররক্ষা বাঁধটি আজ শনিবার সকালে ভেঙে যায়। দিন শেষে শহরটির প্রান্তভাগও বন্যাকবলিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।থাট্টা শহরটি পাকিস্তানের বন্দরনগর করাচি থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।প্রবল মৌসুমী বৃষ্টিপাতের কারণে এক মাস আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় বন্যা দেখা দেয়, যা ধীরে ধীরে দক্ষিণে উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ বন্যায় ফসলের জমিসহ ১০ লক্ষাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া বন্যায় অক্রান্ত ৮০ লাখেরও বেশি মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন।—জিওটিভি ওয়েবসাইট।