সিপিডির মূল্যায়ন: নিম্ন পর্যায়ে স্তিমিত অর্থনীতি, তবে ভারসাম্য আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের প্রথম তিন বছরে অর্থনীতিতে যেসব উদ্যোগ, উদ্দীপনা ও প্রবৃদ্ধির গতি ছিল তা শেষ ১৮ মাসে স্তিমিত হয়ে গেছে। যদিও নিম্ন পর্যায়ের স্তিমিত অর্থনীতির মধ্যেও একধরনের ভারসাম্য বজায় রয়েছে, তবে তা চাহিদা ও সম্ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এভাবেই সরকারের সাড়ে চার বছরের অর্থনৈতিক ব্যবস্থাপনার মূল্যায়ন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ‘দেশের সামগ্রিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আজ সোমবার বিকেলে সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে এই মূল্যায়ন তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সাড়ে চার বছরে অর্থনীতির ক্ষেত্রে সরকারের ইতিবাচক দিকগুলোর মধ্যে ছিল ৬ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি ধরে রাখা, সরকারি ব্যয় ও রাজস্ব আয় বৃদ্ধি, কৃষিতে ঋণ ও উপকরণ বিতরণে সাফল্য, অর্থনীতির বিভিন্ন তথ্য-উপাত্তের সহজপ্রাপ্যতা। আর এর বিপরীতে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সরকারের সমস্যা, পুঁজিবাজারে ধস, হল-মার্ক ও বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারি, ডেসটিনির মতো ঘটনা, পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়া, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বাস্তবায়নে ব্যর্থতা, নানা বিতর্কের মধ্যে নতুন ব্যাংকের অনুমোদন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে সভা বন্ধ, ভারতের সঙ্গে ট্রানজিট আলোচনা হলেও মাশুল ঠিক করতে না পারা, টেলিকম কোম্পানির সঙ্গে সরকারের টানাপোড়েন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর বিতর্কের মতো নানা নেতিবাচক ঘটনা অবলোকন করেছি।’ এই বাস্তবতায় অর্থমন্ত্রী ৬ জুন যে বাজেট দিতে যাচ্ছেন তাতে রাজনৈতিক বাস্তবতার কাছে অর্থনৈতিক যৌক্তিকতা খুব বেশি স্থান পাবে বলে মনে করেন না দেবপ্রিয় ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তৌফিকুল ইসলাম খান প্রমুখ। লিখিত বক্তব্যে চলতি অর্থবছরের বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আগামী অর্থবছরে অর্থনীতির খাতভিত্তিক চ্যালেঞ্জ ও পর্যালোচনা তুলে ধরা হয়। এতে বলা হয়, চলতি বছর শেষে দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে না। মূলত জাতীয় প্রবৃদ্ধিতে কৃষি খাতের অবদান গত বছরের চেয়ে কমে যাওয়ায় এ বছর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। তাই আগামী বাজেটে বাস্তবতার নিরিখে প্রবৃদ্ধির প্রক্ষেপণ করতে হবে।