সিপিবি, বাসদ ও বাম মোর্চার ডাকে আজ দেশব্যাপী হরতাল
বামপন্থী দুটি জোট আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চাও পৃথকভাবে এই হরতালের ডাক দিয়েছে।জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দল নিষিদ্ধ, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় মালিকসহ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং জনজীবনে সংকট নিরসনের দাবিতে এই হরতাল সফল করার জন্য গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে সিপিবি ও বাসদ। বিকেলে দ্বি-দলীয় এই জোট জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের সমর্থনে সমাবেশ ও মিছিল করে।পুরানা পল্টনে প্রগতি সম্মেলনকক্ষে সিপিবি ও বাসদের সংবাদ সম্মেলনে জানানো হয়, আজকের হরতালে বিভিন্ন পোশাকশ্রমিক সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, প্রগতিশীল ছাত্রজোটসহ ৩০টি সংগঠন সমর্থন দিয়েছে।লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, ‘আমাদের দাবি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের দাবি পবিত্র ধর্মকে ব্যবহারের বিরুদ্ধে। রাজনীতিতে ধর্ম ব্যবহার করলে রাজনীতি ও ধর্ম—দুটোই ক্ষতি হয়। এর প্রমাণ পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা।’গতকাল পৃথক সংবাদ সম্মেলনে আজকের হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একই সঙ্গে কোনো রকম উসকানিমূলক তৎপরতা ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী। এ সময় সাইফুল হক, মোশরেফা মিশুসহ মোর্চার নেতারা উপস্থিত ছিলেন। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ সাত দফা দাবিতে সিপিবি ও বাসদের সঙ্গে সমন্বয় রেখে এই হরতালের ডাক দেয় বাম মোর্চা। তাদের দাবির মধ্যে আরও রয়েছে তাজরীন পোশাক কারখানায় শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও সর্বগ্রাসী দুর্নীতি এবং লুটপাটের বিচার, সীমান্ত হত্যা বন্ধ, সুন্দরবন ধ্বংসের ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প’ বাতিল করা।বিকেলে হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করে বাম মোর্চা।