সিপিবি-ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) একীভূত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে একীভূত হয়েছে। আজ বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়। ব্রিফিংয়ে বলা হয়, ঐক্যবদ্ধ এই পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নামেই কর্মকাণ্ড পরিচালনা করবে।ব্রিফিংয়ে এবং একীভূত হওয়াসংক্রান্ত এক যুক্ত ঘোষণায় বলা হয়, ১৯৬৬ সালে মস্কো-পিকিং নীতিগত বিরোধের সূত্র ধরে এ দেশে কমিউনিস্ট ও বামপন্থীদের মধ্যে যে বিভেদ শুরু হয়, পরে যা বহুধা বিভক্তির রূপ নেয়, এই ঐক্যের মধ্য দিয়ে তার বিপরীত প্রক্রিয়া অর্থাত্ কমিউনিস্ট ও বামপন্থীদের ঐক্যের প্রক্রিয়া শুরু হলো। এ ধারা অব্যাহত থাকবে।ঐক্যপ্রক্রিয়ার শেষ পর্যায়ে, আজ সকালে পার্টি দুটি নিজ নিজ কেন্দ্রীয় কমিটির সভায় একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। বিকেলে সিপিবি কার্যালয়ে দুই পার্টির কেন্দ্রীয় কমিটি একসঙ্গে সভায় মিলিত হয়। সেখানে হায়দার আকবর খান রনো, মো. হাবিবুর রহমান ও শাহরিয়ার মো. ফিরোজকে একীভূত পার্টির কেন্দ্রীয় কমিটিতে সংযুক্ত (কো-অপট) করা এবং রনোকে পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।উল্লেখ্য, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) কেন্দ্রীয় কমিটির সবাই এই ঐক্যের সহযাত্রী হননি। তাঁরা তাঁদের বর্তমান অবস্থানে থেকেই কর্মকাণ্ড চালাতে এবং আরও একটু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চান বলে জানা গেছে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে নীতিগত দ্বন্দ্বের কারণে তাঁরা ওয়ার্কার্স পার্টি থেকে বের হয়ে এসেছিলেন।এরপর আয়োজিত ব্রিফিংয়ে পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, শোষণমুক্ত বাংলাদেশ গড়তে বুর্জোয়া নেতৃত্ব যেমন ব্যর্থ হয়েছে তেমনি কমিউনিস্ট-বামপন্থীরাও জনগণের সামনে কোনো আস্থাভাজন বিকল্প হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেনি। এর প্রধান কারণ তাদের মধ্যে অনৈক্য। মস্কো-পিকিং মতদ্বৈধতাকে ভিত্তি করে শুরু হওয়া এই অনৈক্য একটি বিরাট ট্র্যাজেডি।মনজুরুল আহসান খান আরও বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমরা উদ্যোগ নিয়েছি ওই ঐতিহাসিক ভুল সংশোধন করে কমিউনিস্ট ও বামপন্থীদের ঐক্যবদ্ধ করার। এ বিষয়ে ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতান্ত্রিক বিপ্লবী জোটসহ অনেকের সঙ্গেই আলাপ-আলোচনা হয়েছে ও চলেছে।’ ব্রিফিংয়ে রনো বলেন, প্রায় সাড়ে চার দশক আগে বিপুল উত্সাহে যে বিভক্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম তা সঠিক ছিল না। তার ধারাবাহিকতায় আরও অনেক ভুল হয়েছে। আজ তার উল্টো ধারা শুরু হলো। এই ধারাকে এগিয়ে নিয়ে এ দেশে বামপন্থীদের একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য একটি লাল ঝান্ডার তলে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে যুক্ত ঘোষণা পাঠ করেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। এতে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় কমিউনিস্ট ঐক্য ও বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডল, শহীদুল্লাহ চৌধুরী, শাহাদত হোসেন, শাহ আলম, আবু জাফরসহ কেন্দ্রীয় নেতারা এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।