সিফাত ফাহমিদা নওশীনকে পর্যটন দূত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ২১ হাজার ৫৯৫ ফুট উচ্চতার চুলু ইস্ট বিজয়ে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) নারী সদস্য সিফাত ফাহমিদা নওশীনকে পর্যটন দূত ঘোষণা করেছেন পর্যটনমন্ত্রী জি এম কাদের। এর আগে ২৭ আগস্ট এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে বাংলাদেশ সরকারের পর্যটন দূত ঘোষণা করা হয়। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ ঘোষণা দেন।‘নেপালের চুলু ইস্ট বিজয় ও নেপালে বাংলাদেশের পর্যটন বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, নেপালের পর্যটনমন্ত্রী লোকেন্দ্র বেস্ট মাগারের সঙ্গে মুসার আলোচনায় যেসব সুপারিশ উঠে এসেছে, বাংলাদেশের পর্যটন উন্নয়নে তা কাজে লাগানো হবে। সভায় মুসা জানান, এনএসিবির সদস্য তাওহীদ হোসেন রাজীবের নেতৃত্বে ছয় সদস্য গত ১০ নভেম্বর, স্থানীয় সময় বেলা দেড়টায়, নেপালের চুলু ইস্ট পর্বত জয় করেন। দলের বাকি সদস্যরা হলেন—লিপটন সরকার, সিফাত ফাহমিদা নওশীন, পারভেজ রশিদ, বদরুদ্দিন ওমর ও মুসা ইব্রাহীম। তাঁরা ৩০ অক্টোবর কাঠমান্ডু থেকে রওনা হয়ে ছয় নভেম্বর বেস ক্যাম্পে পৌঁছান। সেখানে পর্বতারোহণের সরঞ্জাম ব্যবহার করে রক ওয়াল ক্লাইম্বিং, আইস ওয়াল ক্লাইম্বিংয়ের বিভিন্ন কৌশল সদস্যদের শেখানো হয়। পরে সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতার বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ১০ নভেম্বর দুপুরে চুলু ইস্ট পর্বত জয় করে বাংলাদেশের পতাকা উড়ান। তাঁরা গত ২৮ অক্টোবর নেপাল পৌঁছান।এনএসিবির এ উদ্যোগে আংশিক পৃষ্টপোষক ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।