সিবিএ বেপরোয়া, কেন্দ্রীয় ব্যাংকে তীব্র অসন্তোষ
সহিদার রহমান বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের একজন উপপরিচালক। গত ১৮ আগস্ট এই বিভাগের মহাব্যবস্থাপক আহম্মেদ জামালের কক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার-সমর্থক সিবিএর নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে ইউনিয়নের নেতা-কর্মীরা সহিদার রহমানকে কিল-ঘুষি ও গজারির লাঠি দিয়ে বেধড়ক পেটান।ঘটনার সময় সেখানে দুজন উপমহাব্যবস্থাপক এবং আরও একজন উপপরিচালক উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় ২২ আগস্ট মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার তদন্তকাজ চলছে।কেবল সহিদার রহমান নন, কেন্দ্রীয় ব্যাংকে ক্ষমতাসীন দলের সিবিএ নেতাদের হাতে বিভিন্ন সময় অন্তত সাতজন কর্মকর্তা শারীরিকভাবে নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন। সিবিএ নেতাদের দুর্নীতি ও অনিয়মসংক্রান্ত বিষয়ে আলোচনা-সমালোচনা করতে গিয়ে এসব কর্মকর্তা নাজেহাল হন বলে জানা গেছে। নিগৃহীত ও লাঞ্ছিত কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তা ইতিমধ্যে মারা গেছেন। লাঞ্ছিত কর্মকর্তারা হলেন—নির্বাহী পরিচালক আবুল কাশেম, প্রয়াত নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমান খান, আতাউর রহমান, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক শামস উদ্দিন, উপমহাব্যবস্থাপক রুহুল আমিন, যুগ্ম পরিচালক আবু তালেব এবং সর্বশেষ সহিদার রহমান।এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে (বিগত বিএনপি সরকারের আমলে) কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা ও গভর্নরের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তৎকালীন বিএনপি-সমর্থিত অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০ জনকে চাকরিচ্যুত করেছিলেন। অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতারা বাংলাদেশ ব্যাংকে বিশৃঙ্খলা করে ২০০৩ সালের ২৮ অক্টোবর এবং ১০ জনকে চাকরিচ্যুত করা হয়েছিল ৩০ অক্টোবর। এতে বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়। কিন্তু এখন বেশ কয়েকবার সিবিএ নেতারা কর্মকর্তাদের লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সূত্রগুলো জানায়, সহিদার রহমানকে অফিসার্স কাউন্সিলের বৈঠকে সিবিএ নেতাদের বিভিন্ন স্বেচ্ছাচার ও দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করায় লাঞ্ছিত করা হয়।এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। এতে প্রমাণও মিলেছে। ফলে এখন বিধান অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তদন্ত কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’গভর্নর জানান, নিয়ম অনুসারে তদন্ত কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দিতে এক মাস সময় দেওয়া হয়েছে। এতে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের কিছু সিবিএ নেতার স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে। মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এই প্রতিবেদন তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছে আরও ১০ দিন আগে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন ধরেই অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া যায়। তারপর তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে সময় দেওয়া যেত।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া এই গোয়েন্দা প্রতিবেদনে ১০ জন সিবিএ নেতা ও কর্মীর নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাঁরা হলেন: সিবিএর সভাপতি ও কেয়ারটেকার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও করণিক মো. মঞ্জুরুল হক, কেয়ারটেকার এনামুল হক খান, আইয়ুব আলী, গাড়িচালক মো. গাফফার, কেয়ারটেকার হাফেজ বারেক, আ. হাকিম, হুমায়ুন কবির, ডেটা এন্ট্রি অপারেটর সারোয়ার হোসেন ও কেয়ারটেকার আবুল খায়ের।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সিবিএ নামধারী কিছু নেতা করণিক, এমএলএসএস, কেয়ারটেকার, গাড়িচালক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভোটে নির্বাচিত হয়ে সব ক্ষেত্রেই একচেটিয়া প্রভাব বিস্তার করছেন। ইতিমধ্যে তাঁরা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে সরকারি দলের নাম ভাঙিয়ে নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। সিবিএর নেতৃত্বে যাঁরা আছেন, তাঁরা সরকারি দলের সমর্থক এবং তাঁদের কেউ কেউ ব্যক্তিস্বার্থে স্বেচ্ছাচারী কার্যক্রম ও আচরণ করেন। কেউ সমালোচনা করলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিতও করছেন। তাঁদের এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। জানা গেছে, এসব সিবিএ নেতা কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেন করে কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তার, ক্যানটিন থেকে মাসোহারা আদায়, কর্মচারীদের পোশাক-ভাতা থেকে কমিশন আদায়, ফ্ল্যাট ও গাড়ির ঋণে কমিশন নেওয়া, যেসব বিভাগে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, সেখানে পছন্দের লোক নিয়োগ ও তাঁদের কাছ থেকে ঘুষ আদায়, ক্যাশ বিভাগ থেকে নতুন টাকার নোট সরবরাহে দুর্নীতি এবং ব্যাংকের গাড়ি ব্যবহার করছেন। সিবিএ নেতা মঞ্জুরুল হক বাংলাদেশ ব্যাংকের একটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত ব্যবহারের গাড়ি (প্রাইভেট কার) সার্বক্ষণিকভাবে ব্যবহার করে থাকেন। এ নিয়ে সংবাদমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ পেলেও কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যবস্থাই নেয়নি। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে ঢাকা মেট্রো-খ-১৭-৫১৮২। গাড়ির চালক ও জ্বালানি খরচ বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয় বলেও জানা গেছে।গোয়েন্দা প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের এসব বিতর্কিত সিবিএ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদ্যমান সিবিএ প্রথা বিলুপ্ত অথবা সিবিএ-সংক্রান্ত কার্যক্রম আধুনিকায়নে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে।এদিকে সিবিএ নেতাদের ঔদ্ধত্য ও দুর্নীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে কয়েক দিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে সবাই ব্যাংক কর্তৃপক্ষের নমনীয়তার সমালোচনা করেছেন।সিবিএর সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকাল শনিবার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, প্রকাশ্যে গভর্নরের সমালোচনা ও সিবিএর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় সহিদার রহমানের সঙ্গে কথাকাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত এখনো চলছে।আর সিবিএর বিরুদ্ধে আনীত সব দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেন। অন্যদিকে গাড়ি ব্যবহার নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক সিবিএ নেতার জন্য এই গাড়ি দিয়েছে। আমি সেই গাড়ি ব্যবহার করি। এ রকম গাড়ি সব ব্যাংকেই সিবিএ নেতাকে দেওয়া হয়।’গভর্নর আতিউর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মানবসম্পদ বিভাগ তাঁকে জানিয়েছে যে সিবিএ নেতা গাড়িটি ফেরত দিয়েছেন। তাঁদের বলা হয়েছে, সাংগঠনিক কাজে প্রয়োজন হলে অন্য কর্মকর্তারা যেভাবে চাহিদাপত্র দিয়ে সাময়িক সময়ের জন্য গাড়ি নিতে পারেন, সিবিএ নেতারাও ঠিক একইভাবে গাড়ি নিতে পারবেন। সূত্রগুলো বলছে, ব্যাংক খাতে ও কেন্দ্রীয় ব্যাংকে সিবিএর দৌরাত্ম্যের বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু কোনো সরকারই এর যথাযথ ব্যবস্থা নেয়নি। অন্য কোনো দেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো শ্রমিক সংঘ বা ইউনিয়ন বা সিবিএ করার অধিকার নেই। কেন্দ্রীয় ব্যাংকের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞ মহল, সংস্কার কমিটি ও সরকারের গঠিত টাস্কফোর্স বিভিন্ন সময় ট্রেড ইউনিয়ন না রাখার সুপারিশ করলেও তার বাস্তবায়ন হয়নি।সিবিএর কার্যক্রম বিষয়ে বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টাস্কফোর্স তাদের প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকে সিবিএর কার্যক্রম বন্ধ করা অথবা তা না করা সম্ভব হলে কোনোভাবেই যেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল।বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিককালে সিবিএর কার্যক্রম ও গোয়েন্দা প্রতিবেদন বিষয়ে সাবেক এই ডেপুটি গভর্নর প্রথম আলোকে বলেন, গোয়েন্দা সংস্থা সিবিএর অবৈধ অর্থ উপার্জনের যে খাতগুলো চিহ্নিত করেছে, সবই ঠিক। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সিবিএর সমান্তরাল প্রশাসন পরিচালনার চেষ্টা অবশ্যই শক্ত হাতে বন্ধ করতে হবে।খোন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন, ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে সংস্কার করে কেবল শ্রমিকদের কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রাখতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা প্রয়োজন। আর কোনোভাবেই সিবিএ নেতাদের গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না বলেও তিনি মত দেন।