সিবিএর সঙ্গে করা ‘সাজানো’ সমঝোতা চুক্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশ উপেক্ষা করে চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের নামে মিল্ক ভিটা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সিবিএ নেতাদের সঙ্গে যে ‘সাজানো’ সমঝোতা চুক্তি সই করেছিল, তার কার্যকারিতা বাতিল করে দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।একই সঙ্গে মিল্ক ভিটার যেসব কর্মচারী (সিবিএ নেতা) সাজানো ওই সমঝোতা চুক্তিতে সই নিয়েছেন ও বিশৃঙ্খলা করেছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কী ব্যবস্থা নেওয়া হলো, তা সমবায় অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগকেও জানাতে বলা হয়েছে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গত বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সমবায় অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মিল্ক ইউনিয়নের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় অধিদপ্তর ওই দিনই মিল্ক ভিটার কাছে এ চিঠি পাঠিয়ে দিয়েছে।১৬ সেপ্টেম্বর তেজগাঁওয়ে মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার নামে বিক্ষোভ করেন সিবিএর নেতারা। ‘চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারী’ দাবি করে কিছু লোক নিয়ে তাঁরা জোর করে সভাকক্ষে ঢুকে পড়ে স্লোগান দেন, সরকার মনোনীত পরিচালককে প্রহার করার হুমকি দেন, দরজা-জানালায় লাথি মারেন এবং মিল্ক ভিটার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনার পর সিবিএ নেতাদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে মিল্ক ভিটা কর্তৃপক্ষ।এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘মিল্ক ভিটায় নিয়োগ-নাটক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সিবিএ নেতাদের সঙ্গে মিল্ক ভিটার সই করা সমঝোতা চুক্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহাল করা যাচ্ছে না। কয়েক দিন আগে মিল্ক ভিটার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জের সাংসদ চয়ন ইসলাম প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি পুনর্নিয়োগের যথার্থতা যাচাই করে একটি প্রতিবেদন দিতে বলেছেন। ওই প্রতিবেদন থেকে পাওয়া সিদ্ধান্তের আলোকে চাকরি পুনর্বহালের পত্র দেওয়া হবে।সমঝোতা চুক্তিতে সই করেন মিল্ক ভিটার সিবিএ সভাপতি মো. জাহাঙ্গীর আলম (মজনু), সহসভাপতি মো. আবদুল আহাদ আনসারী ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। আর মিল্ক ভিটার পক্ষে সই করেন চেয়ারম্যান হাসিব খান, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান ও মহাব্যবস্থাপক নজরুল ইসলাম। মন্ত্রণালয় এই চুক্তিটি বাতিল করেছে।যোগাযোগ করা হলে মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান প্রথম আলোকে বলেন, সমঝোতা চুক্তি সই এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের বিষয়গুলো ব্যবস্থাপনা কমিটির আগামী সভায় তোলা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ব্যবস্থাপনা কমিটির সভা মিল্ক ভিটায় নয়: মিল্ক ভিটার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভা মিল্ক ভিটায় অনুষ্ঠিত হবে না, হবে সমবায় অধিদপ্তরে। ১৬ সেপ্টেম্বরের সভায় সৃষ্ট বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।মিল্ক ভিটা সূত্র জানায়, সিবিএ নেতাদের গোলমালের কারণে গত সভায় নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। সে কারণে ওই সভা ২২ সেপ্টেম্বর (গতকাল শনিবার) মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের চিঠি দিয়েছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এরই মধ্যে বৃহস্পতিবার মন্ত্রণালয় মিল্ক ভিটার সভা সমবায় অধিদপ্তরে হবে বলে চিঠি দেয়।তবে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গতকাল সভা করতে সমবায় অধিদপ্তরে যাননি। বরং মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে নিজেরা বসে মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত দিতে পারে কি না, সে বিষয়ে আলোচনা করেছেন। আর ব্যবস্থাপনা কমিটির সভা স্থগিত করা হয়।সভাসূত্র জানায়, বৈঠকে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দাবি করেন, সমবায় বিধিমালা ও মিল্ক ভিটার নিজস্ব উপ-আইন অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির সভা নিবন্ধিত সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বিধিসম্মত হয়নি।হাসিব খান বলেন, ‘আইন অনুযায়ী, মিল্ক ভিটার কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভা হওয়ার কথা। এত দিন তা-ই হয়ে আসছে। মন্ত্রণালয় নির্দেশ অনুযায়ী, অধিদপ্তরে সভা অনুষ্ঠান কিংবা মিল্ক ভিটায় সভা করার বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখছি।’সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, ‘সমবায় আইন অনুযায়ী, মন্ত্রণালয় চাইলে সমবায় সমিতিগুলোকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতে পারে। বিশেষ করে যেসব সমিতিতে সরকারের সরাসরি অংশগ্রহণ রয়েছে সেখানে নানা ধরনের নির্দেশনা দিতে পারে। বিধিতে যা-ই থাকুক আইনই প্রাধান্য পাবে।’