সিভিল এভিয়েশনকে ‘বি’ ক্যাটাগরির মনে করে যুক্তরাষ্ট্র
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, এ বছরের নভেম্বর থেকে বিমানের নিউইয়র্ক রুট চালু হবে। গতকাল রোববার বিমানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জেএফকে বিমানবন্দরে যাত্রাবিরতি করে। সেখানেই তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিমানের নিউইয়র্ক রুট চালুর পূর্বশর্ত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনাকে গ্রেড “বি” থেকে “এ”তে উন্নীত করতে হবে। এ ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র ফেডারেল এভিয়েশন অথরিটি এ বিষয়ে আমাদের সাহায্য করছে। আমরা ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি সাধন করেছি।’ বিমানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের কিছু আপত্তি আছে। আমাদের সিভিল এভিয়েশনকে তারা ক্যাটাগরি “বি” বলে মনে করেন। এটাকে “এ”তে উন্নীত না করা পর্যন্ত তারা বিমান পরিচালনার অনুমতি দিতে নারাজ। এ জন্য আমরা বিষয়টি আলোচনা করতে এসেছি। বাংলাদেশ সিভিল এভিয়েশনকে মানসম্মত করার জন্য ইতিমধ্যেই কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নভেম্বরের মধ্যে যদি বিমানবন্দরের মান উন্নয়ন না হয় তাহলে কমপক্ষে যাতে ছয় মাস বা এক বছরের জন্য সাময়িক একটি অনুমতি দেওয়া হয়, আমরা সেটা অনুরোধ করব। এটা হলেই নভেম্বরে বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হবে।’নিউইয়র্ক রুট লাভজনক হবে কি না, প্রশ্ন করা হলে জি এম কাদের বলেন, ‘আমরা আশা করছি, এই রুট অবশ্যই লাভজনক হবে। তবে প্রবাসীদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না।’ প্রাথমিকভাবে সপ্তাহে দুটো এবং দ্বিতীয় এয়ারক্র্যাফট পাওয়ার পর সপ্তাহে চারটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন রুট দিয়ে বিমান চলছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপাতত ম্যানচেস্টার রুট দিয়ে আমরা বিমান চালাব। তারপর অন্য কোনো রুটে যাওয়া যায় কি না, সেটা দেখা হবে।’