প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের শৌচাগার থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার করা কর্মকর্তার নাম নিজাম খন্দকার। তিনি সিভিল এভিয়েশনের নিরাপত্তা সুপারভাইজার। আজ রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৯ অক্টোবর বিমানবন্দরের ভেতর থেকে সাড়ে ১৩ কেজি সোনার বার উদ্ধার করে পুলিশ। দুবাই থেকে এগুলো ঢাকায় আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এতে সিভিল এভিয়েশনের এই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয় বলে জানা গেছে।